ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিরঙ্কুশ জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলেও দুর্নীতি দমন কমিশন আইন সংশোধনের উদ্যোগে সরকারের পক্ষে জনগণের নিরঙ্কুশ সমর্থন নেই। বরং বেশিরভাগই এর বিরোধী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) এর জরিপ এই কথাই বলছে।
সাত বিভাগের ২৯ জেলা ও সাত উপজেলার তিন হাজার ৯৯৮ জন মানুষের মতামত নিয়েছেন তারা। টিআইবি বলছে, এর মধ্যে ৫৭ ভাগই বলছেন, তারা আইনে কোনো পরিবর্তন চান না।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টিআইবির এক জনমত জরিপ প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, জরিপের ৫৭ ভাগ জনগণ (উত্তরদাতা) প্রস্তাবিত সংশোধনী সমর্থন করে না। ৯৭ ভাগ মানুষ (উত্তরদাতা) স্বাধীন ও শক্তিশালী দুদক চায়।
গত ২৬ এপ্রিল মন্ত্রিসভা দুদক আইন-২০০৪ এর সংশোধনী প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেয়।
সংগঠনের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জরিপের ফলাফল প্রকাশ করেন।
জরিপে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা, বেসরকারি সংস্থা, ছাত্র, সংস্কৃতি কর্মী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানান ইফতেখারুজ্জামান।
সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের প্রধান রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগে মামলা করে।
টিআইবি সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, "স্বাধীন দুদক প্রতিষ্ঠা করতে হলে সরকারের প্রস্তাবিত সংশোধনী পুনঃবিবেচনা করতে হবে। জনমত জরিপের ফলাফলে তা প্রকাশ পেয়েছে। দেশে অনাহত আয়ের পথ বন্ধ করতে হলে দুদককে শক্তিশালী করতে হবে। এই সংশোধনী প্রস্তাব গৃহীত হলে দুদক স্বাধীন থাকবে না।"
টিআইবি এই জনমতকে গুরুত্ব দিয়ে প্রস্তাবিত সংশোধনীগুলো পুনঃবিবেচনা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেছে, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন স্টকহোল্ডারদের সম্পৃক্ত ও সংসদে আলোচনা করে অগ্রসর হওয়া উচিত।
জরিপের ফলাফলে বলা হয়, দুদককে শক্তিশালী করতে সরকার তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেয়নি বলে তিন চতুর্থাংশ মানুষ (উত্তরদাতা) মনে করে।
সংবাদ সম্মেলনে টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদ ও সুলতানা কামাল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৩৫০ ঘ.
bdnews24