২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা গৃহকর্মীর

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 06:11 PM

Updated : 25 Aug 2022, 05:03 PM

ঢাকা, ২৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বাংলা বিভাগের শিক্ষক শারমিন হ্যাপির বিরুদ্ধে মামলা করেছে তার গৃহকর্মী তাহমিনা আক্তার (১৪)। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব রাশেদুল ইসলাম ও তার স্ত্রী শারমিন হ্যাপি মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের দুই নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির পাঁচতলার ফ্ল্যাটে থাকেন। প্রায় আট মাস আগে পরিচিত লোকের সহায়তায় কাজ করার জন্য কুড়িগ্রাম থেকে তাহমিনা বাসায় আনেন। এসআই জানান, মামলায় গৃহকর্মীটি অভিযোগ করেছে তাকে বিভিন্ন অজুহাতে নানাভাবে নির্যাতন করতেন গৃহকত্রী। শরীরের বিভিন্ন স্থানে খুনতি দিয়ে ছ্যাঁকাও দিতেন। তাহমিনা বলেছে- নির্যাতনে অতিষ্ঠ হয়ে বুধবার ময়লা ফেলার নাম করে সে বাসা থেকে বের হয়ে স্থানীয় লোকের সহায়তায় থানায় অভিযোগ করে। পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে গৃহকত্রীকে আটকের জন্য যায়। কিন্তু বাসা তালাবদ্ধ দেখে তারা ফিরে আসে। বিষযটি টের পেয়ে রাশেদুল দম্পতি আত্মগোপন করেছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/০০০৫ ঘ.