২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মূল্যবৃদ্ধির জন্য চাঁদাবাজি ও সিন্ডিকেটই দায়ী'

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য চাঁদাবাজি ও ব্যবসায়ী 'সিন্ডিকেটকে' দায়ী করেছেন রাজধানীর কাওরান বাজারের ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য চাঁদাবাজি ও ব্যবসায়ী 'সিন্ডিকেটকে' দায়ী করেছেন রাজধানীর কাওরান বাজারের ব্যবসায়ীরা। বুধবার বিকালে কাওরান বাজারে পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী ভবনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে এক সমন্বয় সভায় ব্যবসায়ীরা এসব কথা জানান। প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের বলেছেন, এ ব্যাপারে সরকার সজাগ রয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, শুধু রমজানে নয়, সারাবছর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সরকার। বাজারগুলোতে আড়ত এবং খুচরা মূল্য পৃথকভাবে টানানোর ব্যবস্থা করা হবে। এজন্য রাজধানীর ১১ জন সংসদ সদস্য নিজ নিজ এলাকায় কাজ করবেন। তাছাড়া পুরো বিষয়টি দেখবে ঢাকা সিটি কর্পোরেশন। সভায় সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল ও আসলামুল হক উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল মান্নান নূর মিয়া, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, লোকমান হোসেন প্রমুখ। কাঁচামাল ব্যবসায়ী ওমর ফারুক বলেন, পরিবহনে চাঁদাবজি নেই এটা বলা যাবে না। এটা চলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না থাকার এটিও অন্যতম কারণ। তাছাড়া কাঁচামাল বোঝাই ট্রাক ৪/৫ ঘণ্টা আমিনবাজারের দিকে আটকে থাকে। ঢুকতে দেওয়া হয় না। এতে কাঁচামালের ব্যাপক ক্ষতি হয়। আবার অধিকাংশ খুচরা ব্যবসায়ী কাওরান বাজার থেকে মাল কিনে ভ্যানে নিয়ে যেতে পরেন না। কারণে, সকাল ৮টার পর ভ্যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তাদের বেশি দাম দিয়ে ছোট ট্রাকে মাল বহন করতে হয়। এতেও দাম বেড়ে যায় বলে জানান তিনি। ব্যবসায়ী আবু বকর সিদ্দিক বলেন, কাওরান বাজার মূলত কাঁচাবাজার হিসেবে চিহ্নিত। এখানে কোনো সিন্ডিকেট নেই। সিন্ডিকেট আছে খাতুনগঞ্জ, বাদামতলী ও নারায়ণগঞ্জে। সরকারকে সেখানে বেশি নজর দিতে হবে। তিনি বলেন, কাওরান বাজারের মতো অন্যান্য বাজারের ছোট ব্যবসায়ীদের অল্প পণ্যের অর্ডার নিতে চান না চিনি বা তেল ব্যবসায়ীরা। তারা বড়বড় ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার বস্তার অর্ডার নেন। ফলে আমাদের অল্প পুজি দিয়ে সেসব ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কিনে বিক্রি করতে হয়। এতে দাম কিছুটা বেড়ে যায়। সভাশেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ব্যবসায়ীদের কাছ থেকে একটি ব্যবসায়ী সিন্ডিকেট শ্রেণীর নাম এসেছে। এদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকেও এতে সম্পৃক্ত করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে রাজধানীর প্রতিটি পাইকারি বাজারে এধরনের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিটি বিভাগকে কাজে লাগানো হবে বলে নানক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এইচএ/২১৩৪ ঘ.