২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় চার রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে চার 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বগুড়ার একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 05:04 PM

বগুড়া, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে চার 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বগুড়ার একটি আদালতে। মঙ্গলবার বিকালে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন শেরপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের মো. মোশারফ হোসেন। হাকিম মো. হাসানুজ্জামান তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন বাদির আইনজীবী। মামলার আসামিরা হলেন- শেরপুর উপজেলার আদম জামুর গ্রামের মো. ইশারত উল্লাহ (৮৫), তার ছেলে মো. শহিদুল্লাহ (৬০), নামা জামুর গ্রামের আব্দুল হাকিম (৬২) ও পাকুড়িয়া পারা গ্রামের মো. আব্দুল করিম (৭০)। মুক্তিযুদ্ধের সময় এরা মুসলীম লীগ ও জামায়াতে ইসলামীর সদস্য ছিলেন বলে বাদি আর্জিতে উল্লেখ করেন। বাদির আইনজীবি অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনীর সহায়তায় খুন, লুটপাট, অগ্নিসংযোগ, মারপিটের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলার বাদি মোশারফ হোসেন জানান, তার বাবা কফিল উদ্দিন শেরপুরের কুসম্বী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয়সহ বিভিন্ন সহযোগিতা করে আসছিলেন। ইশারত উল্লাহসহ চার আসামি ওই বছরের ২৬ সেপ্টেম্বর ভোরে পাকিস্তানি সেনাদের নিয়ে বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা কফিল উদ্দিন, গৃহকর্মী মমতাজ, আবুল হোসেন, খবির উদ্দিন ও কফিলের জেঠাতো ভাই মফিজ উদ্দিনকে ধরে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত কফিল উদ্দিন ও খবির উদ্দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাদি জানান, ১৯৭২ সালের ২৮ জুন তার ফুপা মো. আয়েন উদ্দিন বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা করেন। পরে মামলাটির কার্যক্রম স্থগিত হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.