২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী খুনের মামলা

গাজীপুরের কালিয়াকৈরে শিল্পী (৭) নামের এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে বুধবার সকালে শামীম হোসেন ও তার স্ত্রী মিনারা খাতুনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 05:05 PM

গাজীপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের কালিয়াকৈরে শিল্পী (৭) নামের এক গৃহকর্মীকে হত্যার অভিযোগে বুধবার সকালে শামীম হোসেন ও তার স্ত্রী মিনারা খাতুনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই পলাতক রয়েছেন। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপপরিদর্শক আশরাফুজ্জামান জানান, পূর্ব চন্দ্রা গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতো শামীম হোসেন দম্পতি। শামীম স্থানীয় এ্যান্টি এক্সপোর্ট নিট ওয়্যার কারখানার নির্বাহী পরিচালক। মারাত্মক আহত অবস্থায় গৃহকর্মী শিল্পীকে নিয়ে শামীম ও মিনারা খাতুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে সফিপুর জেনারেল হাসপাতালে আসে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে শিল্পীর লাশ হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যান তারা। পরে পুলিশ খবর পেয়ে তাদের সন্ধানে বাসায় গেলে ঘরে তালা দেখতে পায়। শিল্পীর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আশরাফুজ্জামান আরো জানান, সুরতহাল রিপোর্টে শিল্পীকে শ্বাসরুদ্ধ করার আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার সকালে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা হয়েছে। এতে শামীম হোসেন ও তার স্ত্রী মিনারা খাতুনকে অভিযুক্ত করা হয়েছে। নিহত শিল্পীর বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৯১২ঘ.