চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের কথা বলে এক ব্যবসায়ীকে অপহরণ ও তার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার ভূয়া র্যাবকে গ্রেপ্তার করা হয়েছে।
চাপাইনবাবগঞ্জে মঙ্গলবার রাতে বিডিআর সদস্যরা এই চারজনকে আটক করার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুরের শ্রীবরদি উপজেলার ভাগারচর গ্রামের মাহফুজ ফকিরের ছেলে জয়নাল (৩৫), টাঙ্গাইলের খাসডাঙ্গা-বরুয়া গ্রামের তাইজুদ্দীনের ছেলে ইসহাক আলী (৩৫), যশোরের নিশ্চিন্তপুর-কেরালখালী গ্রামের আজিজ বখ্তের ছেলে আবু তাহের (৩৮) ও কুমিল্লার হোমনা উপজেলার বারিয়াকান্দি গ্রামের উমেদ আলীর ছেলে আলমগীর ওরফে তারদ আলী (৩৮)।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, এই চার ব্যক্তি র্যাব পরিচয়ে মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর মোড়ে দারিগাছী গ্রামের আম ব্যবসায়ী আবু তাহেরকে (৪০) গ্রেপ্তার করার কথা বলে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তারা আবু তাহেরের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আবু তাহেরকে নিয়ে মাইক্রোবাসটি রাজশাহীর পথ ধরে। রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের রাজাবাড়ি চেকপোস্টে বিডিআর সদস্যরা মাইক্রোবাসটিকে থামায়। র্যাব পরিচয়ধারী ওই চারজনের আচরনে সন্দেহ হওয়ায় বিডিআর সদস্যরা তাদের আটক করে।
ব্যবসায়ী আবু তাহের পুরো বিষয়টি বিডিআর সদস্যদের জানালে বিডিআর সদস্যরা চারজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
ছিনিয়ে নেওয়া ১ লাখ ৬৫ হাজার ১'শ টাকা ওই চার জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাতেই আবু তাহের র্যাব সদস্য পরিচয় দানকারী চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অপহরণ ও ছিনতায়ের অভিযোগে মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩২৯ ঘ.
bdnews24