ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচন উত্তর সহিংসতা তদন্তে যশোর, ঝিনাইদহ ও রাজবাড়ী জেলায় যাবে এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন।
মঙ্গলবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচন উত্তর সহিংসতা তদন্তে কমিশনের প্রেসিডেন্ট মুহাম্মদ শাহবুদ্দিন অপর দুই সদস্যসহ আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট ওই তিন জেলায় যাবেন।
সেখানে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাক্ষ্য ও লিখিত অভিযোগ গ্রহণ এবং ঘটনাস্থল পরিদর্শন করবেন।
আগামী ৩১ জুলাই বেলা আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত যশোর সার্কিট হাউজে এবং ১ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঝিনাইদহ সার্কিট হাউজে ও ৩টা থেকে ৫টা পর্যন্ত রাজবাড়ী সার্কিট হাউজে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাক্ষ্য ও লিখিত অভিযোগ গ্রহণ করবে কমিশন।
এ ছাড়া কমিশন ঝিনাইদহ সফরকালে সকাল ৯টায় শসসেরনগর গ্রাম এবং রাজবাড়ী সফরকালেও ঘটনাস্থল পরিদর্শন করবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।
সময়সূচি অনুযায়ী উক্ত তিন জেলার ক্ষতিগ্রস্তদের কমিশন বরাবর সাক্ষ্য ও লিখিত অভিযোগ দেওয়ার অনুরোধ জানানো হয় তথ্যবিবরণীতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩১৩ ঘ.
bdnews24