ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি পৃথক মামলায় জামায়তের তিন শীর্ষ নেতার জামিন আবেদন নাকচ করেছে ঢাকার একটি আদালত।
এরা হলেন- জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাইদীর।
মঙ্গলবার তাদের পক্ষে জামিন চাইলে শুনানি শেষে মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন পলাশ তা নাকচ করেন।
মামলাগুলো হলো- পুলিশের কাজে বাধা দেওয়া সংক্রান্ত পল্টন থানার তিন মামলা, রমনা থানার ফারুক হোসেন হত্যা মামলা এবং বিমানবন্দর থানার রাষ্ট্রদ্রোহের অভিযোগের উত্তরা ষড়যন্ত্র মামলা।
অভিযুক্তদের পক্ষে জামিন আবেদন শুনানি করেন অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিন প্রমুখ।
জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন, এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন নিজামী, মুজাহিদ ও সাইদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার।
ওইদিনই তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পাঁচটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২১২৩ ঘ.
bdnews24