২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওভার ব্রিজের দাবিতে গাজীপুরে বিক্ষোভ-ভাংচুর

গাজীপুর সদর উপজেলার জিরানীবাজার এলাকায় ফুট-ওভার ব্রিজের দাবিতে স্থানীয়রা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

গাজীপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদর উপজেলার জিরানীবাজার এলাকায় ফুট-ওভার ব্রিজের দাবিতে স্থানীয়রা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা কয়েকটি গাড়িও ভাংচুর করে। মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় ওভার ব্রিজের দাবিতে মিছিল করতে থাকে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপ-পরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, বিক্ষোভকারীরা গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্র ভঙ্গ করে দেয়। সকাল পৌনে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আশুলিয়ার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাসস্ট্যান্ডে সোমবার রাত পৌনে ৮টার দিকে একটি পিকআপ ভ্যানের চাপায় সিদ্দিক মিয়া (২৮) নামের একজন ব্যবসায়ী মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) শিক্ষার্থী ও স্থানীয় জনতা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.