২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিদগ্ধদের চিকিৎসায় ঢাকায় ৫০ শয্যার হাসপাতাল হচ্ছে

অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় রাজধানীর মিরপুরে ৫০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 05:02 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় রাজধানীর মিরপুরে ৫০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্্র মন্ত্রণালয়ের অধীনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর এই হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। চলতি অর্থবছরেই এ সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভা শেষে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ওপর অগ্নিদগ্ধ রোগীদের চাপ অনেকটা কমে যাবে। চলতি অর্থবছরের জন্য ৩৪টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এই হাসপাতাল রয়েছে।" এডিপি বাস্তবায়ন প্রসঙ্গে সাহারা বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত অর্থবছরে নেওয়া ৩৬টি প্রকল্পের ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৪৯৮ কোটি টাকার মধ্যে ৪৯১ কোটি টাকা ব্যয় হয়েছে। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারসহ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৭১৪ ঘ.