ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিভিশনের ক্যামেরা কেবল একটি থাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
মঙ্গলবার জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী বেরিয়ে আসার পর সাংবাদিকরা কথা বলতে চাইলে টিভি ক্যামেরা কম দেখে তিনি কথা না বলে চলে যান।
এ সময় সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভির একটি ক্যামেরা ছাড়া কোন বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা ছিলো না।
মঙ্গলবার ছিল তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিন।
প্রতিদিন সম্মেলনের অধিবেশন শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে মন্ত্রীদের কাছে জানতে চান সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা ১১ টা ৫৮ মিনিটে সচিবালয়ের মন্ত্রি পরিষদ বিভাগের চতুর্থ তলার সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে আসেন আবুল হোসেন।
এসময় সেখানে অপেক্ষমাণ সাংবাদিকরা সম্মেলনের নির্ধারিত আলোচনার বিষয় নিয়ে কথা বলতে চান যোগাযোগ মন্ত্রীর সঙ্গে।
আবুল হোসেন টিভি ক্যামেরা দেখে একবার দাঁড়ানও। এদিক-ওদিক তাকিয়ে ক্যামেরার লোগের দিকে চোখ পড়তেই বলেন, "কেবল একটি ক্যামেরা!"
এই বলে সঙ্গীদের নিয়ে হাঁটা শুরু করেন লিফটের দিকে।
ক্যামেরাটি ছিল বিটিভি'র। এসময় অপেক্ষমান সাংবাদিকরা কথা বলার আগ্রহ প্রকাশ করলে তাতে রাজি হন নি তিনি।
দিনের নির্ধারিত দ্বিতীয় অধিবেশনে ১০ টা থেকে ১১.২৫ টা পর্যন্ত যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন জেলার ৬১টি বিষয় আলোচ্যসূচিতে ছিল।
এর মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনে কিছু সমস্যা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৭টি জেলার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলীয় ২০ জেলার স্বল্প সময়ে সড়ক যোগাযোগ নিশ্চিত করতে চাঁদপুর জেলার হরিণাঘাট থেকে শরীয়তপুর পর্যন্ত মেঘনা-পদ্মা সেতু নির্মাণের দাবি, জরুরি ভিত্তিতে রংপুর আন্তনগর ট্রেনের ব্যবস্থা চালু, সিডরে ক্ষতিগ্রস্ত বরগুনার রাস্তা সংস্কার, ভোলা-বরিশাল সড়ক ও সেতু নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচলে সমস্যা, মংলা এলাকায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের উদ্যোগসহ নানা বিষয় আলোচ্য ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৪১৮ ঘ.
bdnews24