২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে চাই না: মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষির সম্ভাব্য ক্ষেত্রে উদ্বৃত্ত অর্জনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। ভিক্ষার ঝুলি নিয়ে বহির্বিশ্বে আর ঘুরতে চাই না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 07:11 AM

Updated : 25 Aug 2022, 05:03 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষির সম্ভাব্য ক্ষেত্রে উদ্বৃত্ত অর্জনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। ভিক্ষার ঝুলি নিয়ে বহির্বিশ্বে আর ঘুরতে চাই না। মঙ্গলবার জেলা প্রশাসকদের সম্মেলনের সমাপনী দিনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, "কৃষির সম্ভাব্য ক্ষেত্রে আমাদের উদ্বৃত্ত অর্জনের পরিকল্পনা রয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। আর যাতে ভিক্ষার ঝুলি নিয়ে বহির্বিশ্বে ঘুরতে না হয় সেদিকেও নজর রয়েছে আমাদের।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, "কৃষি মন্ত্রণালয়ের কাজে জেলা প্রশাসকদের সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কোনো সমন্বয়হীনতা নেই।" সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের সঙ্গে সমাপনী বৈঠকটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকরা কৃষি মন্ত্রণালয়ের কাজের বিষয়ে কোনো অভিযোগ করেছে কিনা জানতে চাইলে মতিয়া বলেন, "মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকদের নিয়মিত যোগাযোগ রয়েছে। মন্ত্রণালয় সার্বিক বিষয়ে নিয়মিত মনিটরিং করে। কোনো ধরনের অভিযোগের সুযোগ নেই।" অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয়ে সরকারের কাজে সমন্বয়হীনতার কোনো অবকাশ নেই। সম্মেলনে কেউ কোনো অভিযোগও করেন নি। এ অধিবেশনে ১৯টি জেলার বিভিন্ন সমস্যা নিয়ে নির্ধারিত আলোচ্যসূচি ছিল। মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কৃষি সচিব সি কিউ কে মোশতাক আহমেদ উপস্থিত ছিলেন। গত রোববার থেকে জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৩০৭ ঘ.