২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঠিকাদার খুনের ঘটনায় তিন মামলা

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় গুলি করে এক ঠিকাদারকে হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 05:43 PM

Updated : 25 Aug 2022, 04:53 PM

চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় গুলি করে এক ঠিকাদারকে হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি অস্ত্র ও একটি হত্যা মামলা। মামলা তিনটিতে অস্ত্রসহ আটক ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার এই মামলা তিনটিতে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতের নিতে পৃথক আবেদন করা হয় বলে পুলিশ জানিয়েছে। আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে রোববার দুপুরে হালিশহর থানাধীন মধ্যম রামপুর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতিপক্ষের গুলিতে ঠিকাদার আবদুল মোনাফ নিহত হন। আহত হয় শিশুসহ চারজন। ঘটনার পরপরই পুলিশ হালিশহরের বিভিন্ন এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে রাতে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- জসিম উদ্দিন ওরফে ফারুক, তার ভাই দস্তগীর, তার বাবা ইমাম আলী, দোকানের কর্মচারী বাবলু, মো. বাপ্পি ও আবদুস শুক্কুর। তাদের সোমাবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার রাতে আবদুল মোনাফের বোন জাহানারা বেগম বাদি হয়ে হালিশহর থানায় মামলা করেছেন। এতে ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়। এছাড়া পাহাড়তলী ও হালিশহর থানায় অস্ত্র আইনে আরো দুটি মামলা করে পুলিশ। হালিশহর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) অংশু কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের দুটি অস্ত্র মামলায় পাঁচ দিন করে ১০ দিন এবং হত্যা মামলায় সাতদিন হেফাজতে নিতে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২৩৩৩ ঘ.