ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবেবরাত উপলক্ষে আতশ ও পটকাসহ যাবতীয় বিস্ফোরকদ্রব্য বহন ও ফাটানো নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার শহীদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত শবেবরাত উপলক্ষে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশ, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দোষনীয়দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।
শবেবরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/এমএসবি/২৩২৫ ঘ.
bdnews24