ফেনী, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী গ্রেপ্তার অভিযানে ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের অদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এরা হলেন- সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, সোনাগাজী পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সরওয়ার হোসেন, ঠিকাদার বাবুল রেজা ও সাধন কুমার দাস।
এর মধ্যে মিজানুর রহমান মানিকের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফেনী থানার ওসি মো. আমিনুর রহমান জানান, জেলা শহরের মাস্টারপাড়া থেকে একটি দেশি এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ ইউপি চেয়ারম্যান মানিককে গ্রেপ্তার করা হয়।
একই সময় গ্রেপ্তার করা হয় তার সঙ্গে থাকা সোনাগাজী পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামকেও।
এছাড়া শহরের অন্যান্য স্থান থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, মানিককে অস্ত্র মামলায় এবং অপর চারজনকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24