২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিভ্রান্তি

একজন মন্ত্রী এবং চার প্রতিমন্ত্রীর দপ্তর প্রায় এক বছর আগে পরিবর্তন করা হলেও সরকারের তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে তা সংশোধন করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 02:10 PM

Updated : 25 Aug 2022, 04:55 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন মন্ত্রী এবং চার প্রতিমন্ত্রীর দপ্তর প্রায় এক বছর আগে পরিবর্তন করা হলেও সরকারের তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে তা সংশোধন করা হয়নি। একই সঙ্গে একজন উপদেষ্টা এবং কয়েকজন প্রতিমন্ত্রী নিয়োগ পেলেও তাদের নাম অন্তর্ভূক্ত করা হয়নি। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় www. bdpressinform.org ওয়েবসাইটে প্রবেশ করে এ বিভ্রান্তি দেখা যায়। ওয়েবসাইটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আফসারুল আমীনের নাম নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছে। এছাড়া ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের নাম রয়েছে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসেবে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের নাম রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু'র নাম বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে আছে। বহুল আলোচিত তানজিম আহমেদের নাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বলা আছে ওয়েবসাইটে। তিনি প্রায় এক বছর আগেই পদত্যাগ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে গওহর রিজভী নিয়োগ পেলেও তার নাম অন্তর্ভূক্ত হয়নি। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের নামও সংযোজন করা হয়নি ওয়েবসাইটে। বর্তমানে সরকারে ২৪ জন মন্ত্রী, সাতজন উপদেষ্টা এবং ১৮ জন প্রতিমন্ত্রী রয়েছেন। ইতোমধ্যে কয়েকজন সচিবের দপ্তর বদল হলেও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নামের তালিকা গত ০৮ এপ্রিলের পর আর হালনাগাদ করা হয়নি। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হারুন উর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নতুন এসেছি তো। এখনো সাইট ভালো মতো দেখা হয়নি। আগে যারা ছিলেন তারা হয়তো বিষয়গুলো খেয়াল করেননি।" মঙ্গলবার সাইট সংশোধন করা হবে বলে জানান তিনি। এ ব্যাপারে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার তথ্য প্রযুক্তি খাতকে গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করছে। সব মন্ত্রণালয়কে একটি কেন্দ্রীয় সার্ভার স্টেশন ও ডাটা সেন্টারের আওতায় নিয়ে আসার জন্য কাজ চলছে। এ কাজ সম্পন্ন হলে আর এ সমস্যা থাকবে না।" আগামী দুই বছরের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানান তিনি। তিনি বলেন, "বিভিন্ন মন্ত্রণালয়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ টেকনিক্যাল লোকের অভাব রয়েছে। এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।" ওয়েবসাইটে বর্তমানে যে বিভ্রান্তি আছে তা মঙ্গলবার সংশোধন করা হবে বলে জানান ইয়াফেস ওসমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/জিএনএ/১৯৩৮ ঘ.