সাভার, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার নাসা গ্র"পের বন্ধ তিনটি তৈরি পোশাক কারখানা সোমবার খুলে দেওয়া হয়েছে।
সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও উপস্থিতি ছিল কম। কর্তৃপক্ষের ধারণা গ্রেপ্তারের ভয়ে শ্রমিকের উপস্থিতি কম ছিল।
শ্রমিক অসন্তোষের জেরে শনিবার ও রোববার কারখানা তিনটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'দিন বন্ধ থাকার পর বেসিক লিমিটেড, নাসা গ্লোবাল লিমিটেড ও নাসা হাইটেক লিমিটেড সোমবার সকালে খুলে দেওয়া হয়েছে ।
নাসা বেসিক লিমিটেডের পরিচালক মোসাদ্দেক আলী জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার ভয়ে উপস্থিতি কিছুটা কম ছিল। তবে কারখানার কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।
নাসা বেসিক লিমিটেড কারখানার কয়েকজন কর্মকর্তার অপসারণ ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
পরে তাদের সঙ্গে যোগ দেয় নাসা গ্লোবাল ও নাসা হাইটেকের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে নাসা বেসিকে ভাংচুর ও কর্মকর্তাদের মারধর করে তারা।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কর্মকর্তাদের মারধর ও কারখানায় ভাংচুরের অভিযোগে ৬২০ শ্রমিককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। ১০৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্তও করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২৩ ঘ.
bdnews24