ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নভেম্বর মাসের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
একইসঙ্গে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ডিসিদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এই নির্দেশ দেন।
এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে ডিসিদের দিক-নির্দেশনা দেন আশরাফুল ইসলাম এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার সচিব মনজুর হোসেন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। পরে প্রতিমন্ত্রী নানক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জেলা প্রশাসকরা সম্পৃক্ত থাকলেও তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পাননা। তাই তাদের এসব কর্মকাণ্ডে সম্পৃক্ততা আরো বাড়াতে বলা হয়েছে। একইসঙ্গে এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও তদারকি করতেও বলা হয়েছে।
তিনি জানান, ডিসিরা এ সময় অবকাঠামোগত উন্নয়ন এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা যত দ্রুত সম্ভব মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নিতেও সরকারের পদক্ষেপ কামনা করেন।
এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসকদের আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী নভেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসিদের এ নির্বাচনের প্রস্তুতি নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
মাঠ পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এবং পুলিশের সঙ্গে ডিসিদের সমন্বয়হীনতার বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, গত অর্থ বছরে দেশে উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। সমন্বয়হীনতা থাকলে এটা সম্ভব হতো না। কোথাও কোন সমস্যা থাকলে তা সমাধান করে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
তিনি বলেন, উপজেলা চেয়ারম্যানরা ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় কার্যালয় ও বাসা পেয়েছেন। তারা গাড়িও পেয়েছেন। কিন্তু ভাইস-চেয়ারম্যানরা অফিস, বাসা বা কাজ কোন কিছুই পাননি। তাদের কিভাবে কাজে লাগানো যায় এবং তাদের সমস্যার সমাধান করা যায়, সে ব্যাপারে আলোচনা করা হয়েছে।
এছাড়া ইউনিয়ন পরিষদের সচিবের শূন্য পদে লোক নিয়োগ, দুর্নীতিবাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের ক্ষমতা এবং কর আদায়ে ব্যর্থ চেয়ারম্যানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধি প্রণয়নের প্রস্তাবও করেন ডিসিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৪৮ ঘ.
bdnews24