২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল সরবরাহ বিষয়ে ডিসিদেরকে কঠোর হওয়ার নির্দেশ

চুক্তি অনুযায়ী চালকল মালিকরা সরকারি গুদামে চাল না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ এ বিষয়ে কঠোর হওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 09:15 AM

Updated : 25 Aug 2022, 04:58 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তি অনুযায়ী চালকল মালিকরা সরকারি গুদামে চাল না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ এ বিষয়ে কঠোর হওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময়কালে আবদুর রাজ্জাক এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, "ডিসিরা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সাংসদদের মধ্যে সমন্বয়হীনতার কথা জানিয়েছেন।" মন্ত্রী এই সমন্বয়য়হীনতা দূর করে এসব কর্মসূচি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেন। এই মতবিনিময়কালে গাজীপুরের ডিসি বলেন, "দীর্ঘদিন ধরে টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এতে অপরিকল্পিতভাবে অনেক নতুন রাস্তাঘাট হচ্ছে। ফলে কৃষি জমি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।" এ সময় খাদ্য সচিব বরুণ দেব মিত্র বলেন, "টিআর ও কাবিখায় শুধু রাস্তাঘাট হবে, এমন কথা নেই। সাতক্ষীরায় টিআর-এর মাধ্যমে পানি সংরক্ষণাগার তৈরি হচ্ছে। নদী খনন ও অন্যান্য কাজে টিআর ও কাবিখা ব্যবহার করা যেতে পারে।" নোয়াখালীর ডিসি বলেন, "বিশেষ টিআর'র ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ফলে এ কাজে ডিসিরা কোন খোঁজ-খবর নিতে পারেননা।" খাদ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, টিআর ও কাবিখার কমিটিতে স্থানীয় সাংসদরা উপদেষ্টা থাকায় এক্ষেত্রে তাদেরই প্রাধান্য বেশি থাকে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী না হওয়ার কারণে এমন হয়। এক্ষেত্রে সমঝোতা বড় বিষয়। এ সমস্যা উত্তরণে আমাদের চেষ্টা অব্যাহত আছে। মানিকগঞ্জের ডিসি বলেন, নদী ভাঙন বা প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর ভেঙে গেলে সর্বোচ্চ ২০ হাজার টাকা অর্থ সহায়তা পাওয়া যায়। তিনি এ সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি জানান। ভোলার ডিসি অনিয়ম রোধে অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে দেয়ার সুপারিশ করেন। সিলেটের ডিসি বলেন, বিভাগীয় শহরে ফেয়ার প্রাইজের আওতায় পাঁচ হাজার দরিদ্র পরিবারকে স্বল্প-মূল্যে চাল দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কিন্তু বিভাগীয় শহরে এ সংখ্যক পরিবার পাওয়া যাচ্ছেনা। এক্ষেত্রে এ সংখ্যা নমনীয় হওয়া উচিৎ। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী তাদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫০৪ ঘ.