ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ইঞ্চি সরকারি জমিও যেন কেউ অবৈধভাবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনে প্রতিমন্ত্রী বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দেন।
একই অধিবেশনে পরিকল্পনা মন্ত্রী একে খন্দকারও তার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে ডিসিদের দিক নির্দেশনা দেন।
অধিবেশন শেষে পূর্ত প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজধানীর উন্নয়নে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের বিষয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোর ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, কোনোভাবেই ঢাকা বা আশপাশের কোনো নদ-নদী বা খাল-বিল ভরাট করতে দেওয়া হবে না। বরং সরকার এগুলো রক্ষণাবেক্ষণে 'ক্যাপিটাল ড্রেজিং বা মেইনটেনেন্স ড্রেজিং' করবে।
সম্মেলনে নবগঠিত রংপুর বিভাগের জন্য নিজস্ব বিভাগীয় কমিশনার ভবন, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের আবাসন এবং বিভাগীয় অন্য সরকারি দপ্তরের জন্য ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন রংপুরের জেলা প্রশাসক।
জবাবে প্রতিমন্ত্রী জানান, এসব ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শীঘ্রই তিনি নিজে পূর্ত সচিবকে সঙ্গে নিয়ে রংপুর যাবেন। এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এসবের জন্য জমি চিহ্নিত, বরাদ্দ এবং ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, সরকার যে কোনো জমি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার নীতি নিয়েছে। যাতে সীমিত জমি দিয়ে দেশের ১৬ কোটি মানুষের আবাসনের পাশাপাশি খাদ্য উৎপাদনও নিশ্চিত করা যায়। দেশের কোনো মানুষ যাতে খাদ্য সংকটের কারণে অনাহারে না থাকে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজের সভাপতিত্বে ওই অধিবেশনে পূর্ত সচিব খোন্দকার শওকত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৪৬ ঘ.
bdnews24