রাজশাহী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে গরু বোঝাই একটি নৌকা ডুবে শিশুসহ দুই জন নিখোঁজ রয়েছে।
এতে ১৩ টি গরু মারা গেছে।
রোববার সকাল ১০টার দিকে মাজারদিয়াড় এলাকায় নৌকাটি ডুবে যায়।
৩১টি গরু বোঝাই নৌকায় ৩৫ জন যাত্রীও ছিল।
নিখোঁজরা হলেন-নগরীর হড়গ্রাম এলাকার শিশু নূর হোসেন (৭) ও চর মাজারদিয়াড় এলাকার এনামুল হক (৪০)
রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবল বোস মনি সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে ভারত সীমান্ত পার হয়ে নৌকাটি মাজারদিয়াড় থেকে রাজশাহী পুলিশ লাইনের ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়।
প্রচণ্ড বাতাস ও প্রবল ঢেউয়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় অন্যরা সাঁতরিয়ে পারে উঠলেও দুইজন নিখোঁজ রয়েছে এবং ১৩টি গরু মারা গেছে।
নগরীর মতিহারের টাঙ্গন এলাকা থেকে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের সন্ধানে বিডিআর সদস্যরা নৌকা ও স্পীড বোর্ডে করে নদীতে টহল দিচ্ছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসএএ/১৬৫২ঘ.
bdnews24