২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিদেশী কারখানার ৪১৪ শ্রমিক বরখাস্ত

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি বিদেশী কারখানার ৪১৪ জন শ্রমিককে রোববার বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 09:54 AM

Updated : 25 Aug 2022, 04:52 PM

সাভার, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি বিদেশী কারখানার ৪১৪ জন শ্রমিককে রোববার বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন টুপি তৈরির কারখানা 'দাদা (সাভার) লিমিটেড' সকালে ওই শ্রমিকদের বরখাস্ত করে। এর পরপরই কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর আগে গত ৩০ জুন এ কারখানার ২৭১ জন শ্রমিককে বরখাস্ত করা হয়। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. নাজমুল হক জানান, ব্যবসা মন্দার কারণে ও কাজের অর্ডার না থাকায় ৪১৪ জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, "শ্রমিক ও বেপজা (বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়ার) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে বরখাস্তকৃত শ্রমিকদের বেপজার নিয়ম অনুযায়ী পাওনা পরিশোধ করা হয়েছে।" তিনি জানান, বর্তমানে কোনো কাজ না থাকায় কারখানাটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটি কবে নাগাদ চালু হবে জানতে চাইলে নাজমুল হক জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী খোলা হবে। তখন নতুন শ্রমিক নিয়োগ করে নতুন আঙ্গিকে কারখানাটি চালু করা হবে। বেপজার ব্যবস্থাপক আশরাফুল কবীর বলেন, "পরবর্তীতে কাজের অর্ডার পাওয়া গেলে কারখানা খুলে দেওয়া হবে।" আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে ডিইপিজেড চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৫৫৩ ঘ.