জামালপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা পাহাড়ি ঢলে জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
বন্যায় ১২টি ইউনিয়নের প্রায় ৭৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়।
দুপুরে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামছুল করিম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাড়ায় আরো নতুন এলাকা প্লাবিত হয়েছে। যমুনার পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যায় ইসলামপুর উপজেলার পার্থশী, কুলকান্দি, বেলগাছা, চিনাডুলি, সাপধরি, নোয়ারপাড়া, ইসলামপুর সদর, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি, চিকাজানি ও বাহাদুরাবাদ এবং মেলান্দহ উপজেলার মাহমুদপুর ও দুরমুঠ ইউনিয়নের প্রায় ৭৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
এসব এলাকার প্রায় একলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পার্থশী ও কুলকান্দি ইউনিয়নের মানুষ।
পার্থশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত আলী খান, কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জোবাইদুল ইসলাম, চিনাডুলির চেয়ারম্যান কামরুজ্জামান পাহলোয়ান, নোয়ারপাড়ার চেয়ারম্যান আসাদুজ্জামান, বেলগাছা ইউপি সচিব বজলুল করিম, ইসলামপুর সদর ইউপি সচিব রফিকুল ইসলাম জানান, বন্যায় তাদের ইউনিয়নগুলোর কমবেশি আশি শতাংশ এলাকা বন্যা কবলিত হয়েছে। এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে।
সরকারিভাবে এখনো ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। বন্যার্তদের সাহায্যর জন্য ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.
bdnews24