ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বার্থে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে প্রধান বিরোধী দল বিএনপির সদস্য দেওয়া উচিত মন্তব্য করে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, সদস্য সংখ্যা বড় বিষয় নয়, তাদের একজনও মূল্যবান মতামত তুলে ধরতে পারেন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দল প্রতিক্রিয়াশীল রাজনীতির আশ্রয় নিয়েছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, "সংবিধান সংশোধন করা হলে দেশ, গণতন্ত্র, স্বাধীনতা, ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে এমনটি বলছে তারা। এ ধরনের রাজনীতির ফলাফল ভালো হবে না।"
বিরোধী দলের নেতা খালেদা জিয়ার নাম উল্লেখ না করে তিনি বলেন, "মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। কিন্তু সংবিধান সংশোধনে আপত্তি করছেন। তাহলে কী চান তিনি?"
গত ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন ও আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
পঞ্চম সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সংবিধান সংশোধনে এই বিশেষ কমিটি গঠন করেছে। কমিটিতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর কোনো সাংসদকে রাখা হয়নি।
মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সংবিধান সংশোধন প্রয়োজন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, "সংবিধান ধর্মগ্রন্থ নয়। মানুষের প্রয়োজন ও সময়ের চাহিদার জন্য সংবিধান সংশোধন করা উচিত।"
ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে বারবার সংবিধান সংশোধন হয়েছে জানিয়ে তিনি বলেন, "দেশ স্বাধীনতা অর্জনের পর গঠিত সংবিধানকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হয়েছে। আঘাতপ্রাপ্ত এ সংবিধানকে রক্ষা করতে এখন এর সংশোধন প্রয়োজন।"
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন গত ২ ফেব্র"য়ারি খারিজ করে আপিল বিভাগ। এর আগে ২০০৫ সালের ২৯ আগস্ট দেওয়া হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সা'দাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের আরো বলেন, "দিন বদলের সনদ বাস্তবায়ন না করতে পারলে আগামীতে জনগণ আওয়ামী লীগকে আর গ্রহণ করবে না।"
ফুল ও তোরণ নির্মাণ করে জনগণের সমর্থন আদায় করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, "জনগণ সরকারের কাজ ও আচরণ পর্যবেক্ষণ করছে। এর মাধ্যমেই তারা জবাব দেবে।"
দলীয় চাটুকাররা সন্ত্রাসীদের চেয়ে ভয়ঙ্কর বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
বঙ্গবন্ধু একাডেমী 'প্রেক্ষাপট বর্তমান রাজনীতি ও ৭২'এর সংবিধান' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/১৬২০ ঘ.
bdnews24