২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের কর্মবিরতির ডাক বন্দর শ্রমিকদের

চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আবারো কর্মবিরতির ডাক দিয়েছে বন্দর শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 08:49 AM

Updated : 25 Aug 2022, 04:49 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আবারো কর্মবিরতির ডাক দিয়েছে বন্দর শ্রমিকরা। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেয় ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান। তিনি জানান, রোববার বন্দর ভবনের সামনে অবস্থান নেওয়া, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করা হবে। এরপর আগামী ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন চার ঘন্টার কর্মবিরতি পালন করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজুর রহমান খান বলেন, "বন্দর কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচ্যুত শ্রমিকদের পুর্নবহালের লক্ষ্যে যাচাই-বাছাই করলেও এখনো পর্যন্ত নিয়োগের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।" তিনি জানান, যাচাইকৃত শ্রমিকদের নিয়োগ ও তাদের পরিচয়পত্র প্রদান, ডক শ্রমিক পরিচালনা বোর্ড চালু, শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন কল্যাণমূলক ভাতা চালুর দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচী দেওয়া হয়েছে। শ্রমিক-কর্মচারীদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ, ইস্কান্দার মিয়া, মীর নওশাদ, মোহাম্মদ আলমগীর, শামসুল হক ভূইয়া উপস্থিত ছিলেন। গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌ-পরিবহন মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার আমলে বন্দরের কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ২৬ জানুয়ারি থেকে এক সপ্তাহ ধরে প্রায় দুই হাজার ৭০০ শ্রমিককে বাছাই করা হলেও নিয়োগের কাজ এখনো শুরু হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/১৪৪৫ ঘ.