গোপালগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কয়েকদিন আগে অগ্নিদগ্ধ এক অন্তঃসত্ত্বা গৃহবধূ শুক্রবার সকালে ঢাকায় মারা গেছেন।
নিহত সাবিত্রী বিশ্বাস (২৫) উপজেলার তারাকান্দ গ্রামের নিত্যানন্দ বিশ্বাসের স্ত্রী।
অভিযোগ রয়েছে, গত ১৪ জুলাই রাতে সাবিত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় নিত্যানন্দ।
পুলিশ জানিয়েছে, এরপর অগ্নিদগ্ধ সাবিত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সানজিদা ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবিত্রীর শরীরের প্রায় ৭৫ ভাগ পুড়ে গিয়েছিলো।
সাবিত্রীর বাবা গৌরাঙ্গ মধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, "এক বছর আগে নিত্যানন্দর সঙ্গে সাবিত্রী বিয়ে হয়। তারপর থেকেই যৌতুকসহ বিভিন্ন অজুহাতে সাবিত্রীর স্বামী, শ্বশুর, শাশুড়ী, দেবর ও ননদরা তার উপর নির্যাতন চালিয়ে আসছিলো। ১৪ জুলাই রাত ৯টায় সাবিত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় নিত্যানন্দ।
"এরপর নিত্যানন্দ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পরে সাবিত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে।"
এ ঘটনায় ১৬ জুলাই কোটালীপাড়া থানায় গৌরঙ্গ মধু সাবিত্রীর স্বামী, শ্বশুর ও শাশুড়ীসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোটালীপাড়া থানার উপপরির্দশক (এসআই) বি এম মোস্তাফিজুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিত্যানন্দের প্রতিবেশীরা গৃহবধূ সাবিত্রীর গায়ে আগুন দেওয়ার কথা জানিয়েছে।
তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি; চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪২০ ঘ.
bdnews24