২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের বিচারের কথা তাজউদ্দীনই বলেছিলেন প্রথম'

তাজউদ্দীন আহমদই যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটি প্রথম তুলেছিলেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাজউদ্দীন আহমদই যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটি প্রথম তুলেছিলেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। মুহিত বলেন,"স্বভাবসুলভ দূরদর্শীতা তাজউদ্দীনকে সব সময়ই চলমান ঘটনাপ্রবাহের তুলনায় এগিয়ে রাখতো। তিনি অনেক কিছুই সবার পূর্বে ভাবতে পারতেন। অন্যান্য অনেক ইস্যুর মত যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটিও তার পূর্বে আর কেউ সুনির্দিষ্টভাবে উত্থাপন করতে পারেনি। ১৯৭১ সালে আগস্ট বা সেপ্টেম্বর মাসেই তিনি এ কথা তুলেছিলেন।" ১৯৭৫ সালের ৫ আগস্ট তাজউদ্দীনের সঙ্গে সর্বশেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে মুহিত বলেন, "সেদিন তিনি আমায় বলেছিলেন- সামনের সময় বড় খারাপ। যেভাবে সময় এগুচ্ছে তাতে আমার মনে হচ্ছে আমরা সবাই বিনাশ হয়ে যাবো।" তিনি বলেন, এরপরই একে স্বপরিবারে নিহত হন বঙ্গবন্ধু, জেলের প্রকোষ্ঠে মারা যান চারনেতা। অনুষ্ঠানে সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, "অসহযোগ আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবকিছুর মূল সংগঠক তাজউদ্দীন আহমদ।" "গ্রামের মানুষের ছোট ছোট দুঃখ কষ্ট লাঘবের মাধ্যমে পথচলা শুরু করে এক দূরদর্শী ও প্রাজ্ঞ রাজনীতিকে পরিণত হন তিনি।" অধ্যাপক খান সারওয়ার মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, কবি বেলাল চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাজউদ্দীনের ডায়েরির ৪র্থ খণ্ডের প্রকাশনা উৎসব করা হয়। এ খণ্ডে ১৯৫২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘটনাপ্রবাহের বর্ণনা রয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক-পরিচালক তাজউদ্দীন আহমদ ১৯২৫ সালের এই দিন কাপাসিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে কারাবন্দী করার পর ওই বছরের ৩ নভেম্বর আরও তিন সহযোগীসহ কারাপ্রকোষ্ঠেই হত্যা করা হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/২১৫৭ ঘ.