২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী 'লোরাম' ফিরিয়ে আনার দাবি

মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী পাকিস্তানি হানাদার বাহিনীর জাহাজ 'লোরাম' চাঁদপুরে ফিরিয়ে এনে সংরক্ষণের দাবি জানিয়েছে চাঁদপুরের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

চাঁদপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী পাকিস্তানি হানাদার বাহিনীর জাহাজ 'লোরাম' চাঁদপুরে ফিরিয়ে এনে সংরক্ষণের দাবি জানিয়েছে চাঁদপুরের একটি সংগঠন। শুক্রবার বিকালে 'লোরাম চাঁদপুরে ফিরিয়ে এনে সংরক্ষণ পরিষদ' নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়। দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি ১০ দিনের কর্মসূচি দিয়েছে। ১৯৭১ সালের ৩০ অক্টোবর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর খাদ্যবাহী এই জাহাজটি ডাকাতিয়া নদীতে ডুবিয়ে দেয়। ২০০৮ সালের অক্টোবরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে জাহাজটি নদী থেকে তোলা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জাহাজটি বিক্রি করে দেয়। তখন স্থানীয় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন জাহাজটি সংরক্ষণ ও চাঁদুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে। ওই বছরই জাহাজটি গোপনে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হয়। অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন এর চাঁদপুর কার্যালয়ে সাংবাদ সম্মেলনে 'লোরাম চাঁদপুরে ফিরিয়ে এনে সংরক্ষণ পরিষদ' এর সদস্য সচিব মো. জাকির হোসেন ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে অঙ্গীকার বাংলাদেশ কার্যালয়ে গণস্বাক্ষর অভিযানের সূচনা করা হয়। কর্মসূচির মধ্যে আরো আছে- পেশাজীবীদের সঙ্গে বৈঠক, পৌর মেয়র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময়, ডাকাতিয়া নদীতে নৌ-অবস্থান, সাবেক সচিব মমিন উল্যাহ পাটোয়ারীর সঙ্গে মতবিনিময়, জেলা শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন, লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, পদযাত্রা, জেলা শিল্পকলা একাডেমীর সামনে প্রতীকী অনশন, জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি প্রদান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত প্রকৌশলী রুহুল আমিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির আগামীর সভায় বিষয়টি নিয়ে আলোচনা এবং লোরাম চাঁদপুরে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.