২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হোটেল দখল করতে গিয়ে ভাংচুর

নগরীর নন্দনকাননে একটি আবাসিক হোটেল ও সংলগ্ন বাড়ি দখল করতে গিয়ে ব্যাপক ভাংচুরের অভিযোগ উঠেছে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নন্দনকাননে একটি আবাসিক হোটেল ও সংলগ্ন বাড়ি দখল করতে গিয়ে ব্যাপক ভাংচুরের অভিযোগ উঠেছে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা হোটেলটির ৬২টি কক্ষ ভাঙচুর, বোর্ডারদের মারধর, নগদ টাকা লুট এবং এর পাশের হোটেল মালিকের বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও ঘরের মহিলাদের লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত নন্দনকানন গোলাপ সিংহ লেইন এলাকার বদিউর রহমানের মালকানাধীন ইউনাইটেড বোর্ডিং ও পাশে তার বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ভবন ভাঙার হাতুড়ি ও শাবলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের উপস্থিতিতে এ ভাঙচুরের ঘটনার কথা পুলিশ অস্বীকার করেছে। গ্রেপ্তার হয়েছেন- ডেভেলপার প্রতিষ্ঠান এম. হোসাইন ট্রেড লিমিটেডের মালিক মোহাম্মদ হোসেন (৪৫), তার ব্যবসায়িক সহযোগী স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম ভূঁইয়া (৪০), বাদশা মিয়া (৩১), মোহাম্মদ শাহাদাত (৩৫), মোরশেদ (২৫) ও আলমগীর (২৯)। এদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। এরা ক্রসফায়ারে নিহত সাতকানিয়ার জামায়াত শিবিরের দুর্ধর্ষ ক্যাডার আহমদ হোসেন ওরফে আহমুদ্যার সহযোগী বলে ক্ষতিগ্রস্ত বদিউর রহমানের ছেলে মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন। এদিকে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়ি বুঝে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালিয়েছে বলে কোতয়ালি থানা হেফাজতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন। কোতয়ালি থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নন্দনকানন এলাকার বদিউর রহমানের মালিকানাধীন আবাসিক হোটেল ও বাড়ির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মোহাম্মদ হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সকালে হোসেনের অনুগত শতাধিক সন্ত্রাসী হাতুড়ি শাবল নিয়ে অতর্কিতে হোটেল ও বদিউরের বাসায় ঢুকে গালিগালাজ করতে করতে ভাঙচুর চালায়। বদিউর রহমানের ছেলে মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৪ সালে সন্ত্রাসী আহমুদ্যা আমার বাবাকে জোরপূর্বক তুলে নিয়ে বাড়ি ও আবাসিক হোটেল বিক্রির দলিলে স্বাক্ষর করিয়ে নেয়। কিন্তু পরে এ নিয়ে মামলা-মোকাদ্দমা হলে বিষয়টি কিছুদিন শান্ত থাকে।" তিনি জানান, কিছুদিন ধরে ডেভেলপার প্রতিষ্ঠানের মালিক হোসেন ও তার অনুগত লোকজন বাড়ির দলিল বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এর জেরে সকালে অতর্কিতে তারা বাসা ও হোটেলের বিভিন্ন কক্ষে ভাংচুর ও বোর্ডারদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে কোতয়ালি থানার ওসি হাজির হবার পরও ভাঙচুর চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, সন্ত্রাসীরা হোটেলের ৬২টি কক্ষ, চারতলা বাসার ড্রয়িং রুম, বেডরুমসহ মোট আটটি কক্ষে ভাঙচুর চালায়। বাসায় থাকা নারী সদস্যদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করে। এছাড়া হোটেলের ক্যাশ বাক্সে থাকা নগদ চার লাখ টাকা লুট করে বলেও তিনি অভিযোগ করেন। তবে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর হবার বিষয়টি অস্বীকার করে ওসি গাজী সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জায়গাজমি নিয়ে আগের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ সংবাদ পেয়ে দ্রত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ২০০৪ সালে প্রায় চার কোটি টাকার বিনিময়ে বদিউর রহমানের পরিবার ২২ গণ্ডা এলাকায় অবস্থিত আবাসিক হোটেল ও বাসা হোসেনের নিকট বিক্রি করে। কিন্তু হোসেন জায়গা দখল নিতে গেলে বদিউর রহমান বেঁকে বসেন। এ নিয়ে মামলা মোকাদ্দমা আদালতে বিচারাধীন। কোনো প্রকার অনুমতি ছাড়া জায়গার দখল নেওয়ার প্রচেষ্টা বেআইনি উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, হামলাকারীরা হোটেলের ১০-১২টি কক্ষ ও বাসার ড্রয়িং রুমসহ ৩-৪টি কক্ষ ভাঙচুর করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নন্দনকানন এলাকার চারতলা এই হোটেলটির ৬২টি কক্ষের দেওয়াল ও আসবাবপত্র, সংলগ্ন চারতলা আবাসিক ভবনের আটটি কক্ষের বিভিন্ন সরঞ্জাম এবং বাইরে রাখা একটি প্রাইভেট কার ভাংচুর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ডেভেলপার প্রতিষ্ঠান এম. হোসাইন ট্রেডের মালিক হোসেন ও তার সহযোগী শামসুল কোতয়ালি থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৪ সালের আগস্টে হোটেল ও বাসা ভেঙে বহুতল ভবন করার জন্য চার কোটি টাকায় কাগজপত্র করেন তারা। ইতোমধ্যে তিন কোটি ৭৯ লাখ টাকা তাদের দেওয়া হলেও জায়গা বুঝে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করা হয়েছে বলে তারা জানান। তবে শতাধিক নয়, তারা ১৫-২০ জন ওই হোটেলে যান বলে দাবি করেন। এদিকে ঘটনার পরপর ওই পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া হোটেল এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২০২৫ ঘ.