চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিজাম উদ্দিন (৩৫) ও কামরুল ইসলাম (২৭)। এসময় পুলিশ ভেজাল ঘি পরিবহনকারী একটি কাভার্ড ভ্যানও আটক করে। জব্দকৃত ঘিয়ের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ভেজাল ঘি প্রস্তুতকারক একটি চক্র চট্টগ্রাম ও কক্সবাজারে বাজারজাত করার জন্য এসব ভেজাল ঘি ঢাকা থেকে এনেছিল বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোজাকে সামনে রেখে একটি চক্র চট্টগ্রাম ও কক্সবাজারে বিক্রির জন্য ভেজাল ঘি এনেছে- এমন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গি বাজার থেকে কাভার্ড ভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আটক কাভার্ড ভ্যানে ১০৩ কার্টন বাঘাবাড়ী স্পেশাল খাঁিট গাওয়া ঘি এর লেভেল লাগানো বিভিন্ন পরিমাপের টিন ও কৌটা পাওয়া যায়। যার ওজন ৪ হাজার ৪৬৬ কেজি।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘি পাবনার বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করে ঢাকায় এনে বিভিন্ন প্রতিষ্ঠানের লেবেল লাগিয়ে বাজারজাত করা হতো বলে স্বীকার করেছে।
এসআই মোহসিন জানান, রোজাকে সামনে রেখে বাজারজাত করার জন্য ঢাকার নতুন জুরাইন এলাকা থেকে এসব প্যাকেটজাত ঘি আনা হয়েছিল। ভেজাল ঘি পরীক্ষার জন্য বিএসটিআই ল্যাবরেটরিতে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বৃহস্পতিবার বিকালে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/০০৪০ ঘ.
bdnews24