২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের ৩৯টি প্লটের বরাদ্দ বাতিল বৈধ: হাইকোর্ট

কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থিত হোটেল-মোটেল জোনের ৩৯টি প্লটের বরাদ্দ বাতিলের সরকারি সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থিত হোটেল-মোটেল জোনের ৩৯টি প্লটের বরাদ্দ বাতিলের সরকারি সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করেছে হাইকোর্ট। এছাড়া আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকার (ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া) সীমানা নির্ধারণ করাসহ সংশ্লিষ্টদের প্রতি ৬ দফা নিদের্শনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে সরকার পক্ষের আইনজীবীরা জানান, বিগত চারদলীয় জোট সরকারের সময় ২০০৩ সালে পর্যটন শহর কক্সবাজার সমুদ্র সৈকতে ১'শ ৩০ একর সরকারি খাস জমি নিয়ে হোটেল-মোটেল জোন গড়ে ওঠে। এরপর ওই জমিতে প্লট তৈরি করে ৮৭টি প্লট দলীয় মন্ত্রী, সাংসদ, নেতা ও আত্মীয়-স্বজনের নামে ৯৯ বছরের জন্য বরাদ্ধ দেওয়া হয়। ওই সময় অভিযোগ ওঠে প্লটের বরাদ্দপ্রাপ্তদের অনেকেই এক একর বিশিষ্ট প্রতিটি প্লট ৩৩ লাখ টাকায় কিনে ৬ থেকে ৭কোটি টাকায় বিক্রি করে দেন। চলতি বছরের ১২ জানুয়ারি সরকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ৫৯টি প্লটের বরাদ্ধ বাতিল করে দেয়। এ সংক্রান্ত অনিয়ম তদন্তে গঠন করা হয় সংসদীয় উপ-কমিটি। সংসদীয় উপ-কমিটির অভিযোগ, কয়েকজন ছাড়া বাকিরা চুক্তির শর্ত লঙ্ঘন করেছেন। বরাদ্দ পাওয়ার পাঁচ বছরেও এসব প্লটে কোন স্থাপনা নির্মাণ করা হয়নি। এমনকি অনেক প্লট গ্রহীতা মাত্র ২৫ শতাংশ টাকা শোধ করে প্লট বুঝে নিয়েছেন। প্লট বরাদ্দ বাতিলে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৪৬ জন প্লট মালিক হাইকোর্টে আলাদা ৪৬টি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওইসব প্লটের ওপর স্থিতাবস্থাসহ সরকারের প্রতি রুল জারি করে। বৃহস্পতিবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে ৩৯টি প্লট বাতিলের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত বৈধ বলে ঘোষণা করেন। একই সঙ্গে রুলও খারিজ করে দেন। তবে বাকি ৭টি প্লটের বিষয়ে করা রিট আবেদনের শুনানি এখনো শেষ হয়নি। আদালত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে যে ৬টি নিদের্শনা দিয়েছে তার মধ্যে রয়েছে- আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকার (ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া) সীমানা নির্ধারণ, ওই সীমানা রক্ষার জন্য একজন পরিচালক নিয়োগ দেওয়া, প্রতিবেশগত এলাকা হিসেবে সাইনবোর্ড লাগানো, এলাকার সার্বিক বিষয় তদারকি করতে একটি কমিটি গঠন, যাদের প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে তাদের জামানতসহ সব পাওনা ফেরত দেওয়া এবং ভবিষতে বরাদ্ধ দেওয়ার ক্ষেত্রে আগের আবেদনকারীদের আবেদন বিবেচনা করা। সরকারের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল মোস্তফা জামান ইসলাম। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এ ছাড়া রিট আবেদনকারীদর পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, মওদুদ আহমদ, ড. এম জহির, অ্যাডভোকেট রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, হাসান আরিফ, বাসেত মজুমদার, আব্দুল মতিন খসরু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএএ/১৯১১ঘ.