ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে বুধবার পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিল ২০১০ উত্থাপিত হয়েছে।
বিলটিতে পারিবারিক সহিংসতা বা বিরোধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বিলটি উত্থাপন করেন।
পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন মাসের সময় দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
এছাড়া বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) বিল ২০১০ উত্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
এই বিলটিও পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন মাসের সময় দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
দু'টি বিলই কণ্ঠ ভোটে গৃহীত হয়।
প্রস্তাবিত পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে বলা হয়েছে, পারিবারিক সহিংসতা বলতে কোনো ব্যক্তি কর্তৃক পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝানো হয়েছে।
পারিবারিক নির্যাতনের শিকার সংক্ষুব্ধ ব্যক্তি অনুরোধ জানালে ওই ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আদালতের নিকট আবেদন করতে হবে।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সংক্ষুব্ধ ও প্রতিপক্ষকে শুনানির সুযোগ দিয়ে প্রয়োজনে সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে সুরক্ষা আদেশ দিতে পারবে, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পাারবে।
আবেদনের পরিপ্রেক্ষিতে সংক্ষুব্ধ ব্যক্তির সন্তানদের নিরাপদ হেফাজতে রাখারও নির্দেশ দিতে পারবে।
প্রস্তাবিত আইনে আরো বলা হয়, এই আইনের অধীন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সেক্ষেত্রে মিথ্যা অভিযোগকারী সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমান অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/২২৫৯ ঘ.
bdnews24