২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে আহত ১৫

কক্সবাজারের চকরিয়ায় সেচ নালা নির্মাণে বাধা দেওয়ার জেরে পুলিশের সঙ্গে একদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 05:23 PM

Updated : 25 Aug 2022, 04:16 PM

কক্সবাজার, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের চকরিয়ায় সেচ নালা নির্মাণে বাধা দেওয়ার জেরে পুলিশের সঙ্গে একদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খিল সাদেক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, আইন-শৃংখলা রক্ষা করতে গিয়ে তারা অতর্কিতে হামলার শিকার হয়েছেন। এলাকাবাসী জানিয়েছে, আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হলেন- খিল সাদেক এলাকার মোহাম্মদ ইব্রাহিম (২৫)। তবে পুলিশ কারো গুলিবিদ্ধ হওয়ার ঘটনা স্বীকার করেনি। আহত তিন পুলিশ কনস্টেবল হলেন- রাং লাই চাকমা (৩৫), মানস কুমার (৪০) ও নুরুল ইসলাম (৪২)। চকরিয়া থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, খিল সাদেক এলাকায় সেচপাম্পের ইজারার জন্য দুই দল গ্রামবাসী আবেদন করেছিলো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে। কিন্তু কোনো পক্ষকেই ইজারা দেওয়া হয়নি। সংস্থা নিজেদের শ্রমিক দিয়ে সেচ নালা তৈরির কাজ করছিলো। বুধবার সকালে একদল গ্রামবাসী নালা তৈরির কাজে বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা সরে পড়ে। পাঁচ পুলিশের মধ্যে দু'জন খাবার খেতে গেলে বিকাল ৪টার দিকে পাশের একটি আখ ক্ষেতের ভেতর থেকে একদল গ্রামবাসী ঘটনাস্থলে থাকা তিন পুলিশের ওপর হামলা চালায়। ওসি জানান, হামলাকারীরা তিন পুলিশকে এলোপাতাড়ি মারধর করে এবং দা দিয়ে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তিনি জানান, আহত তিন পুলিশের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরা হলেন- নুরুল ইসলাম ও মানস কুমার। আহত অপর পুলিশ কনস্টেবল রাং লাই চাকমাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় একজন সাংবাদিক জানান, গ্রামবাসী দাবি করেছে- সংঘর্ষের সময় ইব্রাহিম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। গুলিবিদ্ধ ইব্রাহিমকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা কেউ জানাতে পারেননি। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী জানান, তিনি ঘটনা শুনেছেন। সেচ প্রকল্পের নালা দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০১ ঘ.