ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-২৭ জুনের হরতালে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা চার মামলায় বিএনপি সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যনির জামিন আবেদন আবারো নাকচ করেছে আদালত।
বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার জামিনের আবেদন করা হয়। ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন শুনানি শেষে আবেদন নাকচ করে দেন।
ওই চার মামলায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধাদান, ভাংচুর, বাসে অগ্নি সংযোগের চেষ্টা, অস্ত্র নিয়ে পরিবহনের গতিরোধ, চুরি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
এর আগে গত ১২ জুলাই ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন শাহবাগ থানার অপর এক মামলায় এ্যানিকে জামিন দিলেও এই চার মামলায় জামিন আবেদন নাকচ করেন।
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাংচুর, হাসপাতালের জানালার কাঁচ ভাংচুর ও ওই হাসপাতালের একজন কর্মকর্তাকে আহত করার মামলায় তাকে জামিন দেয় আদালত।
ওইদিন তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের প্রিজন সেল থেকে অ্যাম্বুলেন্সে করে দুপুর সোয়া ১ টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
তবে বুধবার তাকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়নি।
২৭ জুন বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীর শাহবাগের কাছে সংঘর্ষে আহত শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশের কাজে বাধাদান, ভাংচুর ও সম্পদ ক্ষতির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/জিএনএ/২২২২ ঘ.
bdnews24