২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার: সাকার আবেদন খারিজ

মুদ্রা পাচারের অভিযোগে করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের অভিযোগে করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট আবেদনটি খারিজ করে দেন। সালাহউদ্দীন চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ সংক্রান্ত বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। হলফনামা শুদ্ধ হয়নি বিবেচনায় আবেদনটি খারিজ করা হয়। তবে পরবর্তী প্রক্রিয়া শেষে আবার রিট আবেদন করা যাবে বলে জানান তিনি। গত ৬ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ধানমণ্ডি থানায় চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর তিনি হংকং থেকে ব্রিটেনে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ হংকং ডলার পাঠালেও দুদকের কাছে দেওয়া সম্পত্তির বিবরণীতে তা গোপন করেছেন। এছাড়া এ অর্থ দিয়ে তিনি একটি ওষুধ কম্পানি (গ্লোবাল বেক্সিমকো ফার্মা ইউকে)'র শেয়ার কেনেন। ১০ মে এ মামলায় হাইকোর্টে চৌধুরী আগাম জামিন আবেদন জানালে আদালত আট সপ্তাহের মধ্যে তাকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এ সময় পর্যন্ত এ মামলায় তাকে হয়রানি ও গ্রেপ্তার না করতেও বলা হয়। এ আদেশ স্থগিতের জন্য সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ জুন চেম্বার জজ তা স্থগিত করেন। এরপর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে ৪ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৭ সালের ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে স্ত্রী সন্তানসহ স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় সালাউদ্দিন কাদেরের নামও ছিল। তাকে ওই বছরের ৩ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে যৌথবাহিনী। ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান তিনি। ওই বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে চট্টগ্রামের দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতে জয়ী হন তিনি। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নতুন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগসহ দখলদার পাকিস্তানি বাহিনীকে সহায়তার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২১২৭ ঘ.