২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষকদের অবসরভাতা নিয়ে দুর্নীতি সহ্য করা হবে না'

অবসরভাতা ও কল্যাণভাতা'র চেকসহ শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি, ভোগান্তি বা দুর্নীতি সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরভাতা ও কল্যাণভাতা'র চেকসহ শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি, ভোগান্তি বা দুর্নীতি সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বুধবার ধানমণ্ডিতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের পক্ষে হজ পালনে ইচ্ছুক অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, "অবসরভাতা ও কল্যাণ ভাতার চেকের পেছনে শিক্ষকরা নন, চেক শিক্ষকদের পেছনে ছুটবে। এক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতি কোনোভাবেই সরকার সহ্য করবে না।" তিনি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টকে অনেক বেশি গতিশীল ও আধুনিকায়ন করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষকদের সর্বোচ্চ বেতন স্কেল ও সামাজিক মর্যাদা দেওয়ার উদ্যোগ নেবে। তবে এজন্য শিক্ষকদেরও হতে হবে নিবেদিতপ্রাণ। অনুষ্ঠানে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের মধ্যে চার কোটি পাঁচ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক আসাদুল হক জানান, বর্তমান সরকারের ১৮ মাস সময়কালের মধ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ১৫ হাজার ৩১৪টি আবেদনের বিপরীতে ৩৮৭ কোটি ৬৯ লাখ ৭২ হাজার টাকা পরিশোধ করেছে। অধ্যাপক আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক কেএম আবুল হাসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/জিএনএ/২১২০ ঘ.