২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ধর্ষণ মামলায় আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান ও অসত্য চিকিৎসা সনদ উপস্থাপন করায় তিন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 04:19 PM

জামালপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান ও অসত্য চিকিৎসা সনদ উপস্থাপন করায় তিন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এরা হলেন- জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) যতিন্দ্র চন্দ্র মণ্ডল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিনা আফরোজ আনছারী ও গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ইসরাত জাহান। রোববার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম মো. মোতাহার হোসেন এক পত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) এ নির্দেশ দেন। নির্দেশ দেওয়ার এক মাসের মধ্যে এ ব্যাপারে অবহিত করতেও বলা হয়। হাকিমের চিঠিতে বলা হয়- একটি শিশু ধর্ষণ মামলায় (নম্বর ৯৮/২০০৮) জামালপুর জেনারেল হাসপাতালের আরএমওসহ তিন সদস্যের মেডিকেল বোর্ড আদালতে মিথ্যা সাক্ষ্য এবং ধর্ষিতার মিথ্যা সার্টিফিকেট উপস্থাপন করেছে। গত ৬ জুলাই ধর্ষণ মামলাটির রায়ে জামালপুর শহরের ইকবালপুরের শহীদুল ইসলাম ওরফে শহীদ ওরফে সুভাষকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ব্যাপারে জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. যতীন্দ্র চন্দ্র মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যথাসময়ে চিকিৎসা করেছেন এবং আদালতে কোনো মিথ্যা সাক্ষ্য দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.