২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের দুই কর্মকর্তা বরখাস্ত

দায়িত্বে অবহেলার কারণে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এক ব্যবস্থাপক ও প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 11:08 AM

Updated : 25 Aug 2022, 04:20 PM

নরসিংদী, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার কারণে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এক ব্যবস্থাপক ও প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন-ম্যানেজার (অপারেশন) রবীন্দ্রনাথ সমাদ্দার ও কেন্দ্রটির ৫ ও ৬নং ইউনিটের নির্বাহী প্রকৌশলী (জেনারেটর) আক্তার হোসেন। বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী আর.পি. রায় বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে তাদের দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। প্রতিবেদনের ভিত্তিতে দু'জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরো জানান, দায়িত্বে অবহেলার কারণে আরো কয়েক জন বরখাস্ত হতে পারেন। গত রোববার তাপ বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬নং ইউনিটে আগুন লেগে উৎপাদন বন্ধ হয়ে যায়। ওইদিনই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) পরিচালক (পরিকল্পনা-উন্নয়ন) দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ক্ষতিগ্রস্ত ইউনিটটি চালুর ব্যাপারে আর.পি. রায় বলেন, বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করে মতামত দেবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে। ৯৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রে মোট ছয়টি ইউনিট রয়েছে। সোমবার বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, আগুনে ৬নং ইউনিটের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইউনিটটি পুনরায় উৎপাদনে যেতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০২ ঘ.