২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্দুকযুদ্ধে' মৃত্যু: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহতের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 05:52 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

কুষ্টিয়া, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহতের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার কলাবাড়িয়া গ্রামে গত ৩ মে রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন আলিম বিশ্বাস। হত্যার অভিযোগ এনে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি (নম্বর-৭৯) করেন আলিমের স্ত্রী আনজু বেগম। মামলাটি আমলে নিয়ে হাকিম মনজুরুল ইমাম কুষ্টিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্টকে (এএসপি) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। দুই আসামি হলেন- কুষ্টিয়ার মিরপুর থানার ওসি মেহেদী হাসান ও একই থানাধীন আহম্মদপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা। তারা দুজনই বর্তমানে ওই পদে কর্মরত রয়েছেন। গত ৩ মে ঘটনার পর মিরপুর থানার ওসি মেহেদী হাসান সাংবাদিকদের বলেছিলেন, আলিম বিশ্বাস চরমপন্থী সংগঠন গণ বাহিনীর আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় তিনটি হত্যা, দুটি অস্ত্র, দুটি চাঁদাবাজিসহ আটটি মামলা ও কয়েকটি জিডি রয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা, চারটি হাতে তৈরি বোমা ও একটি তলোয়ার উদ্ধার করা হয় বলেও পুলিশ জানিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৩ ঘ.