ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারকের হেফাজত থেকে র্যাব পরিচয় দিয়ে চার আসামিকে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একটি হত্যা চেষ্টা মামলার বিবাদী পক্ষের আইনজীবী।
আসামিরা হলেন- আশুলিয়ার খেজুর বাগান এলাকার মো. কোহিনুর, শফিকুল ইসলাম, মো.ইমরান ও মো. শাকিল।
মঙ্গলবার আসামিদের আইনজীবী ফজলুল হক অভিযোগ করেন, সোমবার ১৫ কোর্ট হাউস স্ট্রিটের কার্যালয় থেকে র্যাবের মেজর আহসানের পরিচয় দিয়ে তার মক্কেলদের তুলে নিয়ে যাওয়া হয়।
তবে র্যাব-১ এর কর্মকর্তা মেজর আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ কথা অস্বীকার করে বলেন, তাদের গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনজীবী ফজলুল হক জানান, সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিমের আদালতে আশুলিয়া থানার একটি হত্যা চেষ্টা মামলায় তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
হাকিম শাহরিয়ার আরাফাত জামিন আবেদন গ্রহণ করে বিকালে শুনানির সময় ধার্য করেন।
তিনি বলেন, "পরে আসামিদের আদালত থেকে নিজের চেম্বার ১৫ কোর্ট হাউস স্ট্রিটে নিয়ে যাই। এ সময় র্যাবের মেজর আহসান পরিচয় দিয়ে তাদের তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।"
এই ঘটনা জানিয়ে বিকালে হাকিমের কাছে একটি দরখাস্ত দাখিল করে শুনানি করেন তিনি। কিন্তু বিচারক কোনো আদেশ না দিয়ে দরখাস্তটি নথিতে রাখেন বলে জানান ফজলুল হক।
এদিকে মেজর আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সোমবার দেড়টায় গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে তাদের গ্রেপ্তার করি। আইনজীবীর চেম্বার থেকে নয়।"
তিনি জানান, তারা একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে ওই মামলার বাদী নুরুল আফসাারের ছেলে শাহাবুদ্দিনকে পিটিয়ে আহত করে। এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও ককটেল ফাটায়। তারা আফছারের স্ত্রী রওশানা বেগমের শ্লীলতহানির চেষ্টাও করেন।
গ্রেপ্তারের পর সোমবার রাতে তাদের আশুলিয়া থানায় সোপার্দ করা হয় বলে তিনি জানান।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মঙ্গলবার দুপুর ১২টায় থানায় সোপার্দ করে র্যাব। বুধবার আদালতে হাজির করা হবে।
আসামিদের আইনজীবী মো.ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, "র্যাব কর্মকর্তা মিথ্যা বলছেন। তিনি আমার চেম্বার থেকেই তাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যান।"
তিনি জানান, তাদের গ্রেপ্তারের সময় ওই র্যাব কর্মকর্তাকে জানানো হয়েছিল- তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন, যার শুনানি বিকাল ৪টায়। আসামিরা এখন বিচারকের হেফাজতে আছেন, তাদের আপনি গ্রেপ্তার করা যাবে না। এরপরও তাদের ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক সোহাইল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাব এ ধরনের ঘটনা ঘটাতেই পারে না। এটা সম্পূর্ণ অবাস্তব ঘটনা। র্যাব পরিচয় দিয়ে কেউ হয়তো এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।"
গত ১৫ জুলাই আশুলিয়া থানায় খেজুরবাগানের নুরুল আফসার বাদী হয়ে ওই চার আসামিসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরো পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ জুলাই সন্ধ্যা পৌনে আটটার দিকে আসামিরা বাদীর বাড়িতে ঢুকে তার নাম ধরে ডাকে। এ সময় তার ছেলে শাহাবুদ্দিন বাড়ির বাইরে এলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/ডিডি/এইচএ/২২৩৪ ঘ.
bdnews24