হবিগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্যে বিষক্রিয়ায় হবিগঞ্জে ব্রিটেন প্রবাসী এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় তার পরিবারের ১৪ সদস্যকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেবপুরের নূর মিয়া (৭৫) স্ত্রী-সন্তানদের নিয়ে ব্রিটেন থেকে বাড়ি আসেন। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে নূর মিয়াকে মৃত এবং অন্যদের অচেতন অবস্থায় পাওয়া যায় ।
স্থানীয় গোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ইয়াসিনুল হক সাংবাদিকদের জানান, সকালে আত্মীয় ও প্রতিবেশীরা তাদের সবাইকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। নুর মিয়াকে পাওয়া যায় মৃত।
পরে অসুস্থদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরা হলেন- নূর মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৭০), মেয়ে মনোয়ারা বেগম (৪০), হেলেনা বেগম (৩৫), ছেলে শাহেদ আহমদ (৩৩), সুমন আহমদ (৩১), জাভেদ আহমদ (২৫), আলমগীর আহমদ (২২), মোস্তাক আহমদ (২০), নাতনি সাদিয়া বেগম (৫), বুশরা বেগম (১০), জারিন বেগম (৬), নাতি উমর আহমদ (২), ইব্রাহিম আহমদ (৮) ও আত্মীয় নেওয়া বেগম (৬০)।
বিকালে নবীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24