কুড়িগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উজান থেকে নামা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে ধরলা নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া ব্রহ্মপুত্র, তিস্তা দুধকুমারসহ ১৪টি নদ নদীর পানিও বাড়ছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে।
পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার নিম্নাঞ্চল ও চর এলাকা তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে ৩৫টি ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় এক লাখ মানুষ।
ধরলার তীব্র স্রোতে গত দুদিনে সদর উপজেলার যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭৩টি ঘর-বাড়ি ভেসে গেছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাফুদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘন্টায় ফেরিঘাট পয়েন্টে ধরলার পানি বেড়েছে ২০ সেন্টিমিটার।
এছাড়া ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে ১৭ সেন্টিমিটার, তিস্তার কাউনিয়া পয়েন্টে ৩৭ সেন্টিমিটার এবং দুধকুমারের নুনখাওয়া পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি বেড়েছে।
মঙ্গলবার চিলমারীর ব্রহ্মপুত্র অববাহিকায় ৩২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে পাউবো কর্মকর্তা জানান।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ঝুনকারচর, রলাকাটা, ভগবতীপুর, গোয়ালপুরী, খেয়ারআলগা, কালীরআলগা, চরপারর্বতীপুর এলাকায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যা কবলিত লোকজন খাদ্য সংকটে পড়েছে। এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি বলে জানান তিনি।
ইউপি চেয়ারম্যান জানান, গত দুদিনে কালীরআলগা, চরপার্বতীপুর, ভগবতীপুর এলাকায় ধরলায় ভেসে গেছে ১৮টি ঘর।
পাচঁগাছি ইউপি দেলোয়ার হোসেন জানান, কদমতলা, দক্ষিণ নওয়াবস, আরাজি ভোগডাঙ্গা, দক্ষিণ সিতাইঝাড় ,গোবিন্দপুর, আরাজি কদমতলা মৌজায় প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি।
কদমতলা, চরসিতাইঝার এলাকার শত শত হেক্টর পটল, ঝিঙ্গা, করলা ও বেগুন ক্ষেত এখন পানির নিচে।
গত দুদিনে কদমতলা, গোবিন্দপুর ও আরাজি কদমতলা এলাকার ৫৫টি ঘর ধরলার স্রোতে ভেসে গেছে।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মঙ্গলবার ধরলা অববাহিকার বিভিন্ন বন্যা কবলিত গ্রাম পরিদর্শন করেন।
বন্যার্তদের জন্য ৩০ মেট্রিক টন চাল ও ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.
bdnews24