২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানি করবে সরকার

সরকার ভিয়েতনাম থেকে এক লাখ টন আতপ চাল আমদানি করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 04:13 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ভিয়েতনাম থেকে এক লাখ টন আতপ চাল আমদানি করবে। মঙ্গলবার ভিয়েতনামের চাল রপ্তানিকারক সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। চালের মান ও দাম নিয়ে ইতোমধ্যেই দুই দেশের মধ্যে মতৈক্য হয়েছে। তবে চাল আমদানির শর্তগুলো চূড়ান্ত করে বুধবার এ বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। বাংলাদেশ সফররত ভিয়েতনামের সরকারি চাল রপ্তানীকারক প্রতিষ্ঠান 'ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশন' এর ভাইস জেনারেল ডিরেক্টর চাও থি নগোক হোয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে। এ সময় প্রতিনিধি দলের সঙ্গে চালের দাম ও মানের বিষয় নিয়ে মন্ত্রীর দীর্ঘ আলোচনা হয়। উভয়পক্ষই এসব বিষয়ে একমত হয়েছে বলে আবদুর রাজ্জাক জানান। তিনি বলেন, চালের দাম টন প্রতি পড়বে ৩৭০ থেকে ৩৮০ ডলারের মধ্যে। তারা চেয়েছে ৩৮০ ডলার করে। কিন্তু এর আগে আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে একটি ভিয়েতনামী প্রতিষ্ঠান ৩৭০ ডলারে চাল দিতে চেয়েছে। ওই দামের মধ্যেই থাকতে পারে। চুক্তি সইয়ের ৪৫ দিনের মধ্যে তারা চাল সরবরাহ করবে। কী ধরনের চাল ভিয়েতনাম থেকে আমদানি করা হবে- জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, তারা সিদ্ধ চাল করে না। আতপ চালই তারা রপ্তানি করে। কিন্তু বাংলাদেশে আতপ চালের প্রয়োজনীয়তা কম। তাদের কাছ থেকে বেশি চাল আমদানি করা যাবে না জানিয়ে তিনি বলেন, "আমদানির পরিমাণ ৫০ হাজার থেকে এক লাখ টন হতে পারে।" মন্ত্রী আরো জানান, এছাড়া আপদকালীন মজুদ হিসেবে ভারত থেকেও চাল আমদানি করা হবে। ভারত প্রাথমিকভাবে এক লাখ টন দিতে রাজী হলেও শেষ পর্যন্ত তিন লাখ টন চাল দিতে পারে। তারা বাংলাদেশে গমও রপ্তানি করতে চায়। বর্তমানে প্রায় দুই লাখ টন চাল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। এরমধ্যে ৫০ হাজার টন চাল দেশে এসে পৌঁছেছে। বাকীটাও শিগগিরই চলে আসবে। এ বছর মোট পাঁচ লাখ টন চাল আমদানি করলে চালের চাহিদা মিটে যাবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/১৮৩৬ ঘ.