কক্সবাজার, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ থাকার ১৮ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে।
মিয়ানমার থেকে আমদানি করা কাঠসহ একটি ট্রলার এবং ওই দেশের নয় নাগরিককে আটকের ঘটনায় টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সোমবার বিকাল ৪টায় আমদানি-রপ্তানির কাজ বন্ধ করে দেয়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) আমদানি করা কাঠ বোঝাই কার্গো ট্রলারসহ মিয়ানমারের নয় নাগরিককে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়ার পর আমদানি-রপ্তানির কাজ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
গত রোববার মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে কোস্টগার্ড ৩৫০ ঘনফুট কাঠ বোঝাই ট্রলারটি আটক করে। এরপর ট্রলারের সারেং ও কর্মীসহ মিয়ানমারের নয় নাগরিককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। এর প্রতিবাদে ব্যবসায়ীরা টেকনাফ স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেন।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোস্টগার্ড থানায় দেওয়া তাদের অভিযোগটি প্রত্যাহার করেছে। এছাড়া আটককৃত মালামাল ও মিয়ানমারের নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছে। তাই ব্যবসায়ীরা তাদের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি বলেন, "ট্রলারটিতে অবৈধ কোনো মালামাল ছিল না। তাই মালামাল ও আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।"
টেকনাফ থানার ওসি খালেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোস্টগার্ড তাদের অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছে। আটককৃত মিয়ানমারের নাগরিকদেরও ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১২৩৬ ঘ.
bdnews24