২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী শুষ্ক মৌসুমের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের দাবি

খুলনা ও সাতক্ষীরার আইলা দুর্গত এলাকায় বেড়িবাঁধ না করে গৃহ নির্মাণ অনুদান সুফল বয়ে আনবে না বলে মনে করছে এলাকার লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:48 AM

Updated : 25 Aug 2022, 04:15 PM

খুলনা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা ও সাতক্ষীরার আইলা দুর্গত এলাকায় বেড়িবাঁধ না করে গৃহ নির্মাণ অনুদান সুফল বয়ে আনবে না বলে মনে করছে এলাকার লোকজন। আগামী শুক্রবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগরে গৃহ নির্মাণ অনুদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিকে আগামী শুষ্ক মওসুমের মধ্যে উপকূলীয় অঞ্চলের ৭১১ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে সোমবার তিনটি বেসরকারি সংগঠন যৌথভাবে ফ্যাক্সযোগে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দিয়েছে। সংগঠন তিনটি হল- আইলাদুর্গত সংহতি মঞ্চ, স্থায়িত্বশীল গ্রামীণ জীবনযাত্রার জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও আইলা-বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণ গণসংগ্রাম কমিটি। ওই চিঠিতে বলা হয়, গত শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণের কার্যকর উদ্যোগ নেয়নি। এতে আরো বলা হয়, গত ২ মার্চ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক, ১৬ মার্চ সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং সর্বশেষ ৭ এপ্রিল প্রধানমন্ত্রী নিজে বর্ষা মৌসুমের আগেই বেড়িবাঁধ পুনর্র্নিমাণ সম্পন্ন করার নির্দেশ দেন। শুষ্ক মৌসুমের মধ্যে বিধ্বস্ত বেড়িবাঁধগুলো নির্মাণ করা হলেই অনুদানের টাকা দিয়ে গৃহনির্মাণ করে দুর্গতদের বাড়ি ফেরা সম্ভব বলে চিঠিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩২৯ ঘ.