ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-টেলিযোগাযোগ সম্পর্কিত অপরাধের জন্য সর্বোচ্চ ৩০০ কোটি টাকা জরিমানা এবং ১০ বছর কারাদণ্ডের বিধান করে 'বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন ২০১০' জাতীয় সংসদে পাস হয়েছে।
এই আইনের পর টেলিযোগাযোগ সম্পর্কিত লাইসেন্স প্রদানের ক্ষমতা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে সরকারের কাছে চলে যাবে।
আইনটিতে যে কোন সময় যে কোন অপারেটরের লাইসেন্স বাতিল বা শর্ত পরিবর্তনের ক্ষমতাও সরকার নিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হলেও সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে সে সুযোগ রাখা হয়নি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।
এ সময় জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। তবে, স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের দু'টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।
গত ১৩ জুন এই বিলটি জাতীয় সংসদে উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এই আইনে বলা হয়েছে, টেলিযোগাযোগ সম্পর্কিত লাইসেন্সের জন্য বিটিআরসির কাছে আবেদন করতে হবে। বিটিআরসি সরকারের অনুমোদন নিয়ে লাইসেন্স ইস্যু করবে। এই আইনে টেলিযোগাযোগ অপারেটরদের ট্যারিফ, কলচার্জ ও অন্যান্য চার্জের হার অনুমোদন করবে সরকার।
আগে অপারেটরদের বিভিন্ন ট্যারিফ, কলচার্জ এবং অন্যান্য চার্জ বিটিআরসি অনুমোদন করতো। কিন্তু আইনটি কার্যকর হলে সরকারের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন নিতে হবে। নতুন প্যাকেজ দেওয়ার ক্ষেত্রেও সরকারের অনুমোদন নিতে হবে। সরকার চাইলে ৬০ দিন সময় নিয়ে এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাতে পারবে।
সরকারের অনুমোদন ছাড়া কোন টেলিযোগাযোগ সেবা দেওয়া, বৈধ পথে আন্তর্জাতিক টেলিফোন কল আদান প্রদান না করলে, রাষ্ট্রের স্বার্থবিরোধী কোন কাজে টেলিযোগাযোগ যন্ত্রাংশ ব্যবহার করলে বা যন্ত্রপাতির মালিকানা হস্তান্তর করলে সর্বোচ্চ ৩০০ কোটি টাকার জরিমানা অথবা ১০ বছরের কারাদণ্ড অথবা উভয়দন্ডে দন্ডিত করার বিধান রাখা হয়েছে।
বিদ্যমান আইনের ১৮ ধারায় পরিবর্তন করে যে কোন অপারেটরের ক্ষেত্রে ৩০০ কোটি টাকার প্রশাসনিক জরিমানা এবং আদেশের পরেও আইনের লঙ্ঘন চলতে থাকলে প্রতিদিনের জন্য আরো ১ কোটি টাকার প্রশাসনিক জরিমানা আরোপের বিধান করা হয়েছে।
একই সঙ্গে ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ কোটি টাকার প্রশাসনিক জরিমানা এবং অনধিক ৫ বছরের কারাদন্ডের বিধান রাখা হয়েছে।
অশ্লীল, ভীতি প্রদর্শনমূলক এসএমএস প্রেরণ বা প্রেরণে সহায়তা করলে ২ বছরের কারাদণ্ড বা ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে এই আইনে।
তাছাড়া এই আইনে 'সামাজিক দায়বদ্ধতা তহবিল' গঠনের ধারা রয়েছে। এর ফলে অপারেটরদের কাছ থেকে সরকার একটি নির্দিষ্ট অংক টাকা নিয়ে তহবিল তৈরী করবে। যা দিয়ে পরবর্তীতে টেলিযোগাযোগ অবকাঠামো তৈরী করা হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, দেশে 'ডিজিটাল ডিভাইড' দূর করতেই বিদ্যমান আইনটি আধুনিক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর মাধ্যমে 'ডিজিটাল বাংলাদেশ' কর্মসূচিও বাস্তবায়ন সহজ হবে।
এর আগে ইন্টারন্যাশনাল লং ডিস্ট্রেন্স সার্ভিসেস টেলিকমিউনিকেশন্স সার্ভিসেস (আইএলডিটিএস) নীতিতে পরিবর্তন এনেছে সরকার। কিন্তু আইন পরিবর্তন না হওয়ায় এই নীতির কোন কার্যকারিতাই ছিল না। আইন পরিবর্তনের পরই ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল উন্মুক্ত করা বা এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সকল সিদ্ধান্ত মন্ত্রণালয়ে চলে যাবে।
সংশোধিত এই আইনে টেলিযোগাযোগ সম্পর্কিত অপরাধের তদন্ত, মামলা পরিচালনা ও নিষ্পত্তি করার পদ্ধতি স্পষ্ট করা হয়েছে। এই আইনের আওতায় সব অপরাধকে মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত করা হয়েছে। এরফলে এই আইনের আওতায় সংঘটিত অপরাধের তদন্ত ও মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে। তা ছাড়া তাৎক্ষণিক অপরাধ আমলে নিয়ে বিচার করা সম্ভব হবে।
এই আইনে জরিমানার বিরুদ্ধে আপিল করা যাবে। এ জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সরকারের নিয়োগপ্রাপ্ত দু'জন সদস্যের সমন্বয়ে আপিল কর্তৃপক্ষ গঠন করা হবে। এই আপলি কর্তৃপক্ষের কাছে আপিল দায়ের করার পর তা নির্ধারিত বিধির মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বিলটি পাসের জন্য উত্থাপনের সময় প্রধান বিরোধীদল সংসদে ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/২২১৭ঘ.
bdnews24