২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে ধস

যমুনা নদীর ডানতীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের প্রায় দেড়শ' মিটার অংশ ধসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 04:08 PM

সিরাজগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যমুনা নদীর ডানতীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের প্রায় দেড়শ' মিটার অংশ ধসে গেছে। যমুনার প্রবল ঘূর্ণাবর্তের কারণে সোমবার সন্ধ্যায় কাজিপুুর নৌকা ঘাটের পাশে এ ধসের ঘটনা ঘটে। ভাঙ্গন ঠেকাতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বালির বস্তা ও কংক্রিটের ব্লক ফেলছে। রাত ৯টা পর্যন্ত ভাঙ্গন ঠেকাতে কাজ চলছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ও পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মোশারফ হোসেন স্থানীয় ঠিকাদারদের সঙ্গে নিয়ে বালির বস্তা ও ব্লক নিক্ষেপ করার কাজের তদারকি করেন। ভাঙ্গনের তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা যায়। তারা ভাঙ্গন এলাকায় ভিড় করে। পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যদের ভিড় সামলাতে দেখা গেছে। গত বছর ১০ ও ১৭ জুলাই শহররক্ষা বাঁধের (হার্ড পয়েন্ট) শ্মশান ঘাটের পাশে দুই দফা ভাঙ্গনে প্রায় এক হাজার ফুট অংশ নদীগর্ভে চলে যায়। চলতি বছর পাউবো প্রায় পৌনে ১৬ কোটি টাকা ব্যয়ে বাঁধটি মেরামত করে। পাউবো'র বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যমুনা নদীর গতিবিধি আগে থেকে অনুমান করা খুবই দুরহ ব্যাপার। গত বছরের মেরামত কাজ যেখানে হয়েছে তার প্রায় দুশ' মিটার উত্তরে হঠাৎ করেই ভাঙ্গন দেখা দিয়েছে।" তিনি বলেন, আজ (সোমবার) বিকেল পর্যন্তও ব্যাথেমেট্রিক সার্ভে চলছিলো। কিন্তু ওই সার্ভে এ ধরনের ধসের পূর্বাভাস পাওয়া যায়নি। ভাঙ্গন ঠেকাতে সাধ্যমত চেষ্টা চলছে বলে প্রকৌশলী মালেক জানান। ভাঙ্গনের খবর পেয়ে প্রকৌশলী মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়্যারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে ছুটে যান। সিরাজগঞ্জ শহরের পূর্বপ্রান্তের মতি সাহেবের ঘাট থেকে রানীগ্রাম পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এই শহররক্ষা বাঁধটি ২০০০ সালে প্রায় সাড়ে তিনশ' কোটি টাকা ব্যায়ে নির্মাণ করে দক্ষিণ কোরীয় ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই কোম্পানি। বাঁধটি একশ' বছর স্থানীয় হবে বলে নিশ্চয়তা দেওয়া হলেও ১০ বছরের মাথায় ধস দেখা দেয়। কারণ হিসেবে পাউবো থেকে বলা হয়, সঠিক সময়ে বাঁধটির রক্ষণাবেক্ষণ করা হয়নি। গত বছরের ভাঙ্গনের প্রকৃত কারণ এখন পর্যন্তও জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.