২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দু'সপ্তাহে মান্নান ভূঁইয়ার অবস্থার কোন উন্নতি হয়নি'

গত দু'সপ্তাহে গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থার কোন অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 04:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গত দু'সপ্তাহে গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থার কোন অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। মান্নান ভূঁইয়া এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সন্ধ্যায় হাসপাতালের এক সংবাদ ব্রিফিংয়ে আইসিইউ'র প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন ও ক্যান্সার বিশেষজ্ঞ কামারুজ্জামান চৌধুরী এসব তথ্য জানান। মির্জা নাজিম উদ্দিন বলেন, "দুই সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্ট এর মাধ্যমে কৃত্রিম উপায়ে অক্সিজেন গ্রহণ করছেন। বেশিদিন এই লাইফ সাপোর্ট মেশিন রাখা যাবে না। তাই আমরা চলতি সপ্তাহে তার পরিবারের সঙ্গে আলাপ করে বিকল্প ব্যবস্থায় অক্সিজেন গ্রহণের উদ্যোগ নেব। গত দুই সপ্তাহে কার্যত তার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে আমরা মনে করছি।" কামারুজ্জামান চৌধুরী জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারছেন না বলে আমরা সে বিষয়ে রোগীর চিকিৎসা দিচ্ছি। কিন্তু গত দেড় মাস ধরে ফুসফুস ক্যান্সারের কার্যত কোনো চিকিৎসা দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা জানান, বর্তমানে যন্ত্রের সাহায্যে মান্নান ভূঁইয়া ৬০-৬৫ ভাগ অক্সিজেন গ্রহণ করছেন। গত এক সপ্তাহ আগে তা ছিলো ৮০-৮৫ ভাগ। তিনি স্বাভাবিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবেন কিনা তা আরো এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণ শেষে বলা যাবে। তবে মান্নান ভূঁইয়ার রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রয়েছে বলে চিকিৎসকরা জানান। গত ৭ জুলাই মান্নান ভূঁইয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ৩১ মে মান্নান ভূঁইয়া ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় এ পর্যন্ত তার দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। এর মধ্যে সপ্তম কেমো থেরাপিটি স্কয়ার হাসপাতালে দেওয়া হয়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে চলতি বছরের জানুয়ারি থেকে তার চিকিৎসা চলছে। চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে তাকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদীর নিজ আসন থেকে নির্বাচন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/২১০৪ঘ.