২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ রোধে প্রতি জেলায় আদালত

পরিবেশ দূষণ রোধে প্রতি জেলায় পরিবেশ আদালত স্থাপন এবং আইন লঙ্ঘনের শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে 'পরিবেশ আদালত আইন, ২০১০' অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 04:09 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণ রোধে প্রতি জেলায় পরিবেশ আদালত স্থাপন এবং আইন লঙ্ঘনের শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে 'পরিবেশ আদালত আইন, ২০১০' অনুমোদন করেছে সরকার। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে এ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। আবুল কালাম আজাদ বলেন, "পরিবেশ বিপর্যয় রোধে এবং পরিবেশ দূষণ সংক্রান্ত বিভিন্ন ব্যত্যয় ও অপরাধের আইনী কার্যক্রম বিদ্যমান পরিবেশ আদালত আইনের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব না হওয়ায় নতুন আঙ্গিকে পরিবেশ আদালত আইন প্রণয়ন জরুরি হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সোমবার মন্ত্রিসভায় নতুন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।" এর আগে ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিদ্যমান পরিবেশ আদালত আইন, ২০০০ এ যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় পরিবেশ আদালত গঠনের বিধান রয়েছে। এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে দুটি পরিবেশ আদালত গঠিত হয়েছে এবং ঢাকায় একটি পরিবেশ আপিল আদালত রয়েছে। অন্য বিভাগগুলোয় এখনো পরিবেশ আদালত গঠিত হয় নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, "প্রস্তাবিত আইনে প্রতিটি জেলায় একটি করে পরিবেশ আদালত স্থাপনের বিধান রাখা হয়েছে। আইন লঙ্ঘন করে পরিবেশ দূষণ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড অথবা জরিমানা অথবা ক্ষেত্র বিশেষে উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।" বন্যপ্রাণী আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ বন্যপ্রাণী আইন, ২০১০ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বন্যপ্রাণী নিধনের ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশের ভারসাম্য, বিলুপ্ত হতে চলেছে অনেক বন্যপ্রাণী। এ অবস্থায় বন্যপ্রাণী সংরক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যপ্রাণী আইন, ২০১০ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছেন। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বন্যপ্রাণী শিকার, হত্যা এবং আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া ক্রীড়াসেবীদের কল্যাণে খেলোয়াড় ও তাদের পরিবারকে আর্থিক সুযোগ ও অন্যান্য সুবিধা দেওয়ার বিধান রেখে 'বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১০' এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ রাবার নীতি, ২০১০ এর খসড়া অনুমোদন দিয়ে প্রধানমন্ত্রী জানান, নীতিমালা অনুসরণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। "প্রস্তাবিত রাবার নীতিতে কোনোভাবেই রাবার বাগানের জন্য জমি লিজ নিয়ে চা বাগান করা যাবে না, আবার চা বাগানের জন্য লিজ নিয়ে রাবার বাগান করা যাবে না", বলেন আবুল কালাম আজাদ। এছাড়া ন্যাশনাল স্পোর্ট কাউন্সিল (সংশোধনী) অ্যাক্ট, ২০১০ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোন এবং 'মেমোরেন্ডাম অব আন্ডারস্টেন্ডিং ফর কো-অপরাশেন অন দ্য রেসপন্স টু অয়েল অ্যান্ড ক্যামিক্যাল পলিউশন ইন দ্য সাউথ এশিয়া সি'জ রিজিওন' স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৪২৪ ঘ.