২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাঁত শ্রমিকদের ধর্মঘট সপ্তম দিনে

চাকরি স্থায়ীকরণ, ছুটি সুবিধা ও মজুরি বাড়ানোসহ ১৩ দফা দাবিতে নরসিংদীতে সোমবার সপ্তম দিনের মতো তাঁত শ্রমিকদের ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 05:44 AM

Updated : 25 Aug 2022, 04:10 PM

নরসিংদী, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাকরি স্থায়ীকরণ, ছুটি সুবিধা ও মজুরি বাড়ানোসহ ১৩ দফা দাবিতে নরসিংদীতে সোমবার সপ্তম দিনের মতো তাঁত শ্রমিকদের ধর্মঘট চলছে। পুলিশ জানিয়েছে, রোববার রাতে ধর্মঘটী এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে শ্রমিক নেতাদের দাবি, তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার নরসিংদী টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের ডাকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘট অব্যাহত থাকায় জেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৫ হাজার তাঁত বন্ধ রয়েছে। সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মো. ওসমান মিয়ার (৩০) বিরুদ্ধে একাধিক মামলায় রয়েছে। গত মঙ্গলবার শাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাতে শ্রমিকদের আবেদন নিয়ে আওয়ামী লীগ নেতারা মালিকপক্ষের সঙ্গে সভা করলেও কোনো সমঝোতা হয়নি। জেলা টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্মঘটী শ্রমিকরা রোববার রাতে নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করে চাকুরি স্থায়ীকরণ, সপ্তাহিক ছুটি, মজুরি ২০ শতাংশ বৃদ্ধিসহ ১৩ দফা দাবি ও গ্রেপ্তারকৃত শ্রমিকদের অবিলম্বে মুক্তির আবেদন জানান। তিনি বলেন, "আমাদের দাবি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান রাতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। তাই আমাদের ধর্মঘট অব্যাহত রয়েছে।" আব্দুর রহমান দাবি করেন, ওসমান ও সোলেমান নামের দুই শ্রমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদী জেলা পাওয়ারলুম মালিক সমিতির সভাপতি এ কে ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের মজুরি বোনাস ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে। সাধারণ শ্রমিকরা কাজ করতে চাচ্ছে। কিন্তু শ্রমিক নামধারী সন্ত্রাসীদের ভয়ে তারা কাজে যোগ দিতে পারছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৩৬ ঘ.